আযমীসহ ১৫০ সাবেক সেনা কর্মকর্তার পদোন্নতি
- সর্বশেষ আপডেট ১০:০৮:০২ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬
- / 30
২০০৯ থেকে ২০২৪ সালের ৪ আগস্ট পর্যন্ত বিভিন্ন সময়ে অবসর, অপসারণ, অব্যাহতি বা বরখাস্ত হওয়া সশস্ত্র বাহিনীর ১৫০ কর্মকর্তাকে ভূতাপেক্ষ পদোন্নতি, স্বাভাবিক অবসর ও আর্থিক সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তালিকায় রয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবদুল্লাহিল আমান আযমী।
গত ১৭ বছরে সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীতে বঞ্চনা, অবিচার ও প্রতিহিংসার শিকার হয়েছেন—এমন বিবেচনায় ১৫০ সাবেক সামরিক কর্মকর্তাকে ভূতাপেক্ষ পদোন্নতি, স্বাভাবিক অবসর এবং বকেয়া আর্থিক সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
এ বিষয়ে গত ১ জুলাই প্রতিরক্ষা মন্ত্রণালয় একটি প্রজ্ঞাপন জারি করে। এতে বাংলাদেশ সেনাবাহিনীর ১১৫ জন, নৌবাহিনীর ২১ জন এবং বিমানবাহিনীর ১৪ জন কর্মকর্তার নাম রয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, এসব কর্মকর্তাকে বিধি অনুযায়ী স্বাভাবিক বা অকালীন (বাধ্যতামূলক) অবসর, ভূতাপেক্ষ পদোন্নতি, বকেয়া বেতন-ভাতা এবং প্রযোজ্য আর্থিক ও আনুষঙ্গিক সুবিধা দেওয়া হবে।
সুবিধাপ্রাপ্তদের মধ্যে রয়েছেন জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আযমের ছেলে ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবদুল্লাহিল আমান আযমী। তাকে ২০০৯ সালের ২৪ জুন বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছিল। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, তিনি ২০১১ সালের ২৬ ডিসেম্বর থেকে মেজর জেনারেল এবং ২০১৪ সালের ২৬ ডিসেম্বর থেকে অবসরপূর্ব লেফটেন্যান্ট জেনারেল পদে ভূতাপেক্ষ পদোন্নতি পাবেন। একই সঙ্গে বয়সসীমা শেষে স্বাভাবিক অবসরপ্রাপ্ত হিসেবে গণ্য হবেন।
এ ছাড়া তিনি সংশ্লিষ্ট পদগুলোর বকেয়া বেতন-ভাতা, অন্যান্য প্রাপ্য সুবিধা, বিশেষ আর্থিক প্রণোদনা হিসেবে এক কোটি টাকা এবং বয়স ও যোগ্যতা সাপেক্ষে সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে পদায়নের সুযোগ পাবেন বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
































