অটোরিকশা নিয়ন্ত্রণে কঠোর হচ্ছে সরকার
- সর্বশেষ আপডেট ০৮:৩২:০৭ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬
- / 18
ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় চলাচলকারী ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণে নতুন বিধি ও নীতিমালা প্রণয়ন করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। কর্মসংস্থান যাতে ক্ষতিগ্রস্ত না হয়, পরিবেশ সুরক্ষিত থাকে এবং সড়কে যানবাহনের শৃঙ্খলা বজায় থাকে; এসব বিষয় বিবেচনায় নিয়ে নীতিমালা বাস্তবায়ন করা হবে বলে জানান তিনি।
সোমবার (৭ সেপ্টেম্বর) জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রেহানা আক্তার রানুর এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।
এর আগে সম্পূরক বক্তব্যে রেহানা আক্তার রানু স্বরাষ্ট্রমন্ত্রীকে সংসদের ‘ড্যাসিং হিরো’ হিসেবে উল্লেখ করেন। তিনি স্বরাষ্ট্রমন্ত্রীকে ‘অলরাউন্ডার মন্ত্রী’ আখ্যা দিয়ে বলেন, ভালো মানুষের কাছে তিনি সংসদের একজন ‘ড্যাসিং হিরো’। শেখ হাসিনা তাকে ‘শেষ করে দিতে চেয়েছিলেন’ বলেও মন্তব্য করেন তিনি।
যানজটের পাশাপাশি নিরাপত্তা ও বিদ্যুৎ সংকট
অটোরিকশা নিয়ন্ত্রণের প্রয়োজনীয়তা তুলে ধরে রেহানা আক্তার রানু বলেন, দেশে বিপুলসংখ্যক রিকশা ও ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল করছে। প্রতিদিনই রাজধানীতে নতুন নতুন অটোরিকশা যুক্ত হচ্ছে। এসব যান চার্জ দিতে বিপুল পরিমাণ বিদ্যুৎ ব্যবহৃত হচ্ছে এবং অবৈধ সংযোগের মাধ্যমে চার্জিং স্টেশন পরিচালনার অভিযোগও রয়েছে।
তিনি বলেন, মানুষের জীবন-জীবিকা জড়িত থাকায় বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা না করে অটোরিকশা জব্দ, ডাম্পিং বা চালকদের হয়রানি করা সমীচীন নয়।
অটোরিকশাগুলোকে প্রধান সড়ক থেকে সরিয়ে অভ্যন্তরীণ সড়কে চলাচলের সুযোগ দেওয়ার প্রস্তাবও দেন তিনি। পাশাপাশি সৌরবিদ্যুতের মাধ্যমে চার্জিং ব্যবস্থা, বিআরটিএর নিবন্ধন বাধ্যতামূলক করা এবং রাজধানীতে অঞ্চলভিত্তিক জোনিং ব্যবস্থা চালুর পরামর্শ দেন।
রেহানা আক্তার রানু বলেন, অটোরিকশা এখন শুধু পরিবহন খাতের বিষয় নয়; এটি বড় একটি নগর অর্থনীতির অংশ। তাই বাহন জব্দ বা চালকদের হয়রানি না করে পরিকল্পিত ব্যবস্থাপনার আওতায় আনতে হবে।
প্রধান সড়কে চলাচল নিষিদ্ধ
সুষ্ঠু নীতিমালা কবে কার্যকর হবে; এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অটোরিকশা নিয়ন্ত্রণের বিষয়ে তিনি স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর সঙ্গে আলোচনা করেছেন। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী এ বিষয়ে বিধি-বিধান ও নীতিমালা প্রণয়নের কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।
সালাহউদ্দিন আহমদ বলেন, নতুন নীতিমালা বাস্তবায়নের ক্ষেত্রে অটোরিকশা কোন কোন সড়কে চলাচল করতে পারবে, তা নির্ধারণ করা হবে। প্রধান প্রধান সড়কে এসব যানবাহনের চলাচল ইতোমধ্যে নিষিদ্ধ করা হয়েছে।
তিনি বলেন, অটোরিকশাচালকদের কর্মসংস্থান যাতে ক্ষতিগ্রস্ত না হয়, বিষয়টি বিবেচনায় রেখেই নীতিমালা বাস্তবায়ন করা হবে। পাশাপাশি পরিবেশ সুরক্ষাকেও গুরুত্ব দেওয়া হয়েছে।
ব্যাটারিতে থাকবে ডিজিটাল ট্র্যাকিং
বর্তমানে অটোরিকশায় ব্যবহৃত লেড-অ্যাসিড ব্যাটারি পরিবেশের জন্য ক্ষতিকর উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ভবিষ্যতে ব্যাটারির ক্ষেত্রে নির্দিষ্ট শর্ত আরোপ করা হবে। ব্যাটারিগুলো যাতে ডিজিটালভাবে ট্র্যাক করা যায় এবং একটি রেজিস্ট্রেশন নম্বরের অধীনে একাধিক অনিয়ন্ত্রিত যান পরিচালনা করা না যায়, সে বিষয়েও ব্যবস্থা নেওয়া হচ্ছে।
অবৈধ বিদ্যুৎ সংযোগ নিয়ে চার্জিং স্টেশন পরিচালনার বিষয়টিও সংসদে তুলে ধরেন তিনি। তার ভাষ্য, বৈদ্যুতিক খুঁটি থেকে অবৈধ সংযোগ নিয়ে অনেক জায়গায় চার্জিং স্টেশন পরিচালনা করা হচ্ছে। এর সঙ্গে বিদ্যুৎ বিভাগ ও সিটি করপোরেশনের কিছু লোক জড়িত থাকার অভিযোগ রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বেকারত্ব যাতে না বাড়ে, কর্মসংস্থান যাতে ব্যাহত না হয়, পরিবেশ সুরক্ষিত থাকে এবং যানবাহন চলাচলে শৃঙ্খলা ও ট্রাফিক ব্যবস্থাপনা নিশ্চিত হয়; সব দিক বিবেচনা করেই নতুন নীতিমালা ও বিধি বাস্তবায়ন করা হবে।

































