তূর্যের মৃত্যু কি পদ্ধতিগত হত্যা?

- সর্বশেষ আপডেট ১১:০৮:৩৬ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
- / 4
বিশেষ চাহিদাসম্পন্ন ১৪ বছর বয়সী তূর্যের মৃত্যু ঘিরে উঠেছে রাষ্ট্রের দায়িত্ব, মানবিকতা ও বিচারব্যবস্থার ভূমিকা নিয়ে গুরুতর প্রশ্ন। মায়ের জামিন না হওয়া, মায়ের পরিচর্যা ছাড়া তূর্যের বেঁচে থাকার ঝুঁকি এবং মৃত্যুর পরও কারাফটকে সন্তানের শেষ দেখা হওয়ার ঘটনাকে সামনে রেখে ‘তূর্যের মৃত্যু কি পদ্ধতিগত হত্যা?’ এমন প্রশ্ন তুলে আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রেজওয়ানা করিম স্নিগ্ধা। তাঁর লেখায় উঠে এসেছে, তূর্যের মৃত্যুর জন্য শুধু পরিস্থিতি নয়, আগাম সতর্কতার পরও শিশুটির সুরক্ষা নিশ্চিত করতে রাষ্ট্রের ভূমিকা কী ছিল, সেই প্রশ্নও এড়িয়ে যাওয়ার সুযোগ নেই।
বাংলা অ্যাফেয়ার্সের পাঠকদের জন্য অধ্যাপক রেজওয়ানা করিম স্নিগ্ধার ফেসবুক স্ট্যাটাসটি হুবুবু তুলে ধরা হলো;
তূর্যের মৃত্যু: মা তূর্যকে দেখলেন। তূর্য মাকে দেখতে পেল না।
তূর্যের মা বলেছিলেন, ‘আমাকে ছাড়া ও বাঁচবে না।’ কথাটা তিনি ছেলের মৃত্যুর পরে শোকে বলেননি। বলেছিলেন তূর্য তখনও বেঁচে থাকতে। জানিয়েছিলেন, তাঁর বিশেষ চাহিদাসম্পন্ন ছেলেকে সারা রাত ওষুধ দিতে হয়। মা-বাবা ছাড়া ওর দেখাশোনার কেউ নেই। পনেরো বছরের তূর্যও নিজের কথা নিজে বলেছিল, ‘সংবিধান বলে কিছু থেকে থাকে, তাহলে আমার মায়ের মুক্তি চাই।’ একবার ভাবুন, যে বয়সে একটা ছেলে অসুখ করলে মাকে ডাকে, সেই বয়সে মাকে কাছে পেতে তূর্যকে সংবিধানের কথা বলতে হয়েছিল।
তূর্যের মা শারমিন সুলতানা শর্মী যুব মহিলা লীগের সাবেক নেত্রী। তাঁর জামিন মঞ্জুর হয়নি। জামিনের সিদ্ধান্তে তূর্যের কথাগুলো কতখানি বিবেচনায় এসেছিল? কীভাবে তূর্যের মৃত্যু হয়েছে, সে উত্তর চিকিৎসকেরা দেবেন। কিন্তু মায়ের পরিচর্যা ছাড়া ছেলেটি কী ঝুঁকিতে পড়বে, সেই আশঙ্কার কথা তো মা আগেই জানিয়েছিলেন। তাঁর কথা শোনার পর ছেলেটির চিকিৎসা আর রাতের ওষুধের ব্যবস্থা ঠিকমতো চলছিল কি না, রাষ্ট্রের কেউ কি একবার খোঁজ নিয়েছিলেন? এখানেই আমার ‘পদ্ধতিগত হত্যা’ নিয়ে প্রশ্ন। বিপদের কথা আগাম জানানো হয়েও যদি একটি শিশু সিদ্ধান্ত নেওয়ার প্রতিটি ধাপে হিসাবের বাইরে থেকে যায়, তবে তার মৃত্যুকে ‘স্বাভাবিক’ বলে ফাইল বন্ধ করার আগে সেই ব্যবস্থার দায়ও খতিয়ে দেখতে হবে।
সন্তানের মৃত্যুর পরও মা তার কাছে যেতে পারেননি। তূর্যের বাবার ভাষ্য অনুযায়ী, নিরাপত্তার কারণে শর্মীকে বাইরে নেওয়া সম্ভব নয় বলে তাঁকে জানানো হয়েছিল। শেষ পর্যন্ত বাবাই ছেলের মরদেহ নিয়ে গেলেন কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের ফটকে। খবরে একে বলা হলো ‘শেষ দেখা’। মায়ের দিক থেকে কথাটা সত্যি। তূর্যের দিক থেকে দেখলে? যে ছেলেটি মাকে দেখতে চেয়েছিল, মা যখন তার কাছে এলেন, তখন আর তার চোখ মেলার উপায় ছিল না।
রিয়া গোপের মৃত্যু আমাকে কষ্ট দিয়েছিল। তূর্যের মৃত্যুও আজ আমাকে ভীষণ কষ্ট দিচ্ছে। কোন মৃত্যুতে কাঁদব আর কোন মৃত্যুতে চুপ থাকব, সেই দ্বিধায় আমি পড়ি না। পটুয়াখালীর ছাত্রদল নেতা নাজমুল মৃধার কথা মনে আছে। বাবার জানাজায় তাঁর হাতকড়া খুলে দেওয়া হয়েছিল, পায়ের ডান্ডাবেড়ি খোলা হয়নি। সেদিন জানতে চেয়েছিলাম, বাবাকে বিদায় দেওয়ার ওই কয়েকটা মুহূর্তে ছেলেটির পায়ের বেড়িটুকু খুলে দিলে রাষ্ট্রের কী ক্ষতি হতো? আজ তূর্যের মায়ের জন্য একই প্রশ্ন করলে হয়তো বলবেন, ‘আওয়ামী দোসর’। আমার পরিচয় আপনার সুবিধামতো বদলে নিতে পারেন। কার শোকে আমার কষ্ট হবে, সেই সিদ্ধান্তটুকু আপনাকে দিইনি।
কী অদ্ভুত প্রতিশোধপরায়ণ হয়ে উঠেছি আমরা! বাবার জানাজায় ছেলের পায়ে ডান্ডাবেড়ি দেখে যে দেশে এত মানুষ কষ্ট পেয়েছিলাম, সেই দেশেই আজ শোকাহত মায়ের দলীয় পরিচয় দিয়ে তাঁর সঙ্গে রাষ্ট্রের আচরণের ব্যাখ্যা খুঁজি। এত কিছু দেখেও এই শিখলাম? ক্ষমতা বদলাবে, আর আমরা হিসাব রাখব কে কার চেয়ে বেশি নিষ্ঠুর হতে পারল? কেউ যদি ভেবে থাকেন এভাবেই ‘আওয়ামী নিধন’ হবে, তিনি মানুষের মনটাকে বড় সহজ ভেবেছেন। যে মানুষের মনে আওয়ামী লীগের জন্য কোনো দিন জায়গা ছিল না, কাশিমপুরের ফটকে দাঁড়ানো এক পরিবারের স্মৃতি তাঁর বুকেও জায়গা করে নিতে পারে। তখন আওয়ামী লীগের নাম শুনলে কোন স্মৃতিটা তাঁর মনে পড়বে, সেটা কোনো সরকার ঠিক করে দিতে পারবে না।
শিক্ষক তো আমি। কাল কোনো শিক্ষার্থী যদি জিজ্ঞেস করে, ‘ম্যাম, তূর্যের মা তো আগেই বলেছিলেন, তাঁকে ছাড়া ছেলেটা বাঁচবে না। তারপর কী হয়েছিল?
আমি বলতে পারব, মায়ের জামিন হয়নি। বলতে পারব, মৃত্যুর পর পরিবারের তাকে কোথায় নিয়ে গিয়েছিলেন। কিন্তু সে যদি আমাকে থামিয়ে দিয়ে বলে, ‘ম্যাম, তারপরের কথা তো জানি। তূর্য যখন বেঁচে ছিল, তখন ওর জন্য কী করা হয়েছিল?’
অধ্যাপক রেজওয়ানা করিম স্নিগ্ধা
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
২৮ শে নভেম্বর, ২০২৬




































