ভারতের কূটনৈতিক নীতির দুর্বলতা রয়েছে: পার্থ

- সর্বশেষ আপডেট ০৪:৫৪:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
- / 59
প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্কের অবনতির জন্য ভারতের কূটনৈতিক নীতির দুর্বলতাকে দায়ী করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমান পার্থ। তাঁর মতে, ভারতের পররাষ্ট্রনীতির প্রভাব বাংলাদেশ-ভারত সম্পর্কের ওপরও পড়ছে। ভারতের ভূখণ্ড ব্যবহার করে বাংলাদেশে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা এবং দেশটির কিছু গণমাধ্যমের এমন তৎপরতায় সমর্থন দেওয়ার বিষয়টি নিয়েও সমালোচনা করেন তিনি।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে সচিবালয়ে উইমেন জার্নালিস্ট ফোরামের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন তথ্যমন্ত্রী।
সীমান্ত এলাকায় আওয়ামী লীগের চার নেতার গোপন বৈঠকের বিষয়ে জানতে চাইলে আন্দালিভ রহমান পার্থ বলেন, রাজনৈতিকভাবে আলোচনায় থাকার জন্যই তাঁরা এমন তৎপরতা চালাচ্ছেন। তিনি একে ‘হালকা ব্লাফ পলিটিক্স’ হিসেবে অভিহিত করেন। তাঁর ভাষ্য, ওই নেতাদের নিজ নিজ এলাকায় কোনো আন্দোলন বা রাজনৈতিক কর্মকাণ্ড নেই। দলের ভেতরে নিজেদের গুরুত্ব ধরে রাখতেই তাঁরা সীমান্ত এলাকায় গেছেন।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মকাণ্ডের সমালোচনা করে তথ্যমন্ত্রী বলেন, দলটি রাজনৈতিক কর্মকাণ্ডের পরিবর্তে সন্ত্রাসী তৎপরতায় জড়িয়েছে। ক্ষমতা থেকে যেভাবে বিদায় নিয়েছিল, একই কায়দায় আবারও ফিরে আসার চেষ্টা করছে তারা।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরা ও বিচার প্রসঙ্গে আন্দালিভ রহমান বলেন, তিনি দেশে ফিরলে প্রচলিত আইন অনুযায়ী বিচারিক প্রক্রিয়ার মুখোমুখি হতে হবে। কোনো অগ্রহণযোগ্য দাবি বা অনুরোধ সরকার বিবেচনা করবে; এমন ধারণার বাস্তবতা নেই।
শেখ হাসিনা ভারতে কী ব্যবস্থায় অবস্থান করছেন, সে বিষয়ে বাংলাদেশ সরকারের কাছে নিশ্চিত তথ্য নেই বলেও জানান তথ্যমন্ত্রী। তবে ভারতের ভূখণ্ডে অবস্থান করে বাংলাদেশে বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনার বিষয়টি গুরুত্বের সঙ্গে আলোচনার দাবি রাখে বলে মন্তব্য করেন তিনি।
আন্দালিভ রহমান বলেন, শেখ হাসিনার বিরুদ্ধে মামলা রয়েছে এবং আদালতের রায়ও হয়েছে। দুই দেশের প্রত্যর্পণ চুক্তির আওতায় তাঁকে দেশে ফেরত চেয়েছে বাংলাদেশ। সরকার আইনি প্রক্রিয়ায় তাঁকে ফিরিয়ে আনতে চায়। তবে দেশে ফেরার বিষয়ে এখন পর্যন্ত তাঁর পক্ষ থেকে কার্যকর কোনো উদ্যোগ দেখা যায়নি।
আওয়ামী লীগ নেতাদের সাম্প্রতিক তৎপরতা নিয়ে প্রশ্ন তুলে তথ্যমন্ত্রী বলেন, একদিকে শেখ হাসিনার জন্য বিমান পাঠানোর কথা বলা হচ্ছে, অন্যদিকে দলের নেতারা সীমান্ত এলাকায় ঘুরে বেড়াচ্ছেন। এ পরিস্থিতিতে আওয়ামী লীগের নিজেদের অবস্থান ও মানসিকতা পর্যালোচনা করা উচিত।
দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তিনি বলেন, বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর দেশে যে শান্তিপূর্ণ পরিবেশ তৈরি হয়েছে, তা আওয়ামী লীগের পছন্দ হচ্ছে না। গুম-খুন বন্ধ হওয়া, দেশের অগ্রগতি এবং ইতিবাচক পরিবর্তন থেকে মানুষের দৃষ্টি সরিয়ে আতঙ্ক ছড়ানোর চেষ্টা করছে দলটি।
বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, এ দেশে হিন্দু ও মুসলমান দীর্ঘদিন ধরে পাশাপাশি শান্তিপূর্ণভাবে বসবাস করছেন। ভারতের ক্ষমতাসীন বিজেপি নিজেদের রাজনৈতিক স্বার্থে বাংলাদেশের ধর্মীয় সম্প্রীতির বিষয়টি ব্যবহার করছে বলেও অভিযোগ করেন তিনি।
বিশ্বজুড়ে ভুল ও উদ্দেশ্যপ্রণোদিত তথ্য ছড়িয়ে পড়ার প্রবণতা নিয়েও উদ্বেগ জানান আন্দালিভ রহমান। মিসইনফরমেশন ও ডিসইনফরমেশনকে বর্তমানে বড় বৈশ্বিক সমস্যা হিসেবে উল্লেখ করেন তিনি।
নারীর ক্ষমতায়ন প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান এ বিষয়ে কাজ করছেন। গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার বিষয়ে সরকারের অবস্থান তুলে ধরে তিনি বলেন, বিএনপি সরকার কোনো গণমাধ্যমের কাজে হস্তক্ষেপ করতে চায় না।

































