গোপালগঞ্জ ছাড়া আ.লীগের অস্তিত্ব নেই: তথ্যমন্ত্রী

- সর্বশেষ আপডেট ০৮:২৫:১৮ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
- / 63
গোপালগঞ্জ ছাড়া দেশের অন্য কোথাও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনৈতিক অস্তিত্ব নেই বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমান পার্থ। দলটির রাজনৈতিকভাবে ফিরে আসার কোনো সাংগঠনিক তৎপরতাও সরকার দেখছে না বলে জানিয়েছেন তিনি।
সোমবার (১৬ নভেম্বর) দুপুরে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে অনলাইন এডিটরস ফোরামের নেতাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন মন্ত্রী। এ সময় আওয়ামী লীগ সরকারের শাসনামলে গণমাধ্যম ও ব্যবসায়ীদের একটি অংশের ভূমিকার সমালোচনাও করেন তিনি।
আন্দালিভ রহমান পার্থ বলেন, জুলাই গণঅভ্যুত্থানকে অস্বীকার করে আওয়ামী লীগের রাজনীতি করার কোনো সুযোগ নেই। ভবিষ্যতেও এ ধরনের রাজনীতির অধিকার দলটির থাকবে না। ডিসেম্বরে আওয়ামী লীগ সভানেত্রী দেশে ফিরবেন; এমন প্রচারণাকে রাজনৈতিক ব্লাফ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, নেতাকর্মীদের বিভ্রান্ত করা এবং সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড আড়াল করতেই গোপালগঞ্জে পরিকল্পিতভাবে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে।
আওয়ামী লীগের রাজনীতিকে প্রতিশোধপরায়ণ আখ্যা দিয়ে তথ্যমন্ত্রী বলেন, ১৯৭৫ সালের ঘটনাকে পুঁজি করে দলটি প্রতিশোধের রাজনীতি করেছে। ফ্যাসিস্ট শক্তি যাতে আর কখনো ফিরে আসতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। তা না হলে জুলাই আন্দোলনে অংশ নেওয়া তরুণ প্রজন্মসহ সাধারণ মানুষের জীবন আবারও হুমকির মুখে পড়তে পারে।
গত ১৭ বছরে আওয়ামী লীগ সরকারের শাসনামলে অর্থনীতি ও ব্যাংকিং খাতে ব্যাপক লুটপাট ও ধ্বংসযজ্ঞের প্রকৃত চিত্র জনগণের সামনে তুলে ধরতে না পারাকে বড় ব্যর্থতা হিসেবে উল্লেখ করেন আন্দালিভ রহমান পার্থ। তাঁর মতে, গণমাধ্যম নিয়ন্ত্রণ ও দমন-পীড়নের নানা পদক্ষেপ নিয়েও শেষ পর্যন্ত আওয়ামী লীগ ক্ষমতা ধরে রাখতে পারেনি। অতীতের অনিয়ম, দুর্নীতি ও অর্থ পাচারের তথ্য সংবাদমাধ্যমে বস্তুনিষ্ঠভাবে তুলে ধরতে হবে।
তথ্যমন্ত্রী বলেন, বাংলাদেশের ইতিহাসের কঠিন সময়ে প্রধানমন্ত্রী তারেক রহমান রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়েছেন। ১৯৪৭ থেকে ১৯৭১ সাল পর্যন্ত পাকিস্তান বাংলাদেশের অর্থনীতির যে ক্ষতি করেছে, গত ১৭ বছরে আওয়ামী লীগ তার চেয়েও বেশি ক্ষতি করেছে বলে তিনি মনে করেন।
তিনি বলেন, ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা ঋণ নিয়ে বিদেশে পাচার করা হয়েছে। এর ফলে সাধারণ আমানতকারীরা নিজেদের জমা টাকা তুলতে গিয়ে সমস্যায় পড়ছেন। তাঁর দাবি, ব্যাংকিং খাতে খেলাপি ঋণের পরিমাণ ৬ থেকে ১০ লাখ কোটি টাকায় পৌঁছেছে। শিকদার ব্রাদার্স, এস আলম, বেক্সিমকো ও নাবিল গ্রুপসহ বিভিন্ন গোষ্ঠীর অনিয়ম ও লুটপাটের কারণে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
ব্যাংকিং খাতের বর্তমান সংকটের দায় বর্তমান সরকারের ওপর চাপানোর চেষ্টা হচ্ছে বলেও মন্তব্য করেন মন্ত্রী। তাঁর মতে, সংকটের প্রকৃত কারণ ও অতীতের লুটপাটের চিত্র সংবাদমাধ্যমে আরও জোরালোভাবে তুলে ধরা প্রয়োজন। একইভাবে বিদ্যুৎ খাতে অতিরিক্ত মূল্য নির্ধারণের মাধ্যমে রাষ্ট্রের বিপুল অর্থ আত্মসাৎ করা হয়েছে।

































