হাতিয়ায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ, শিক্ষকের বিরুদ্ধে জিডি

- সর্বশেষ আপডেট ১২:২৪:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
- / 3
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় বিদ্যালয়ে তথ্য সংগ্রহ করতে গিয়ে দুই সাংবাদিককে হেনস্তা, গালাগাল ও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। এ ঘটনায় অমিত দাস নামে মিধ্যাগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক সহকারী শিক্ষকের বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন সাংবাদিক শামীমুজ্জামান শামীম।
বুধবার (২৬ নভেম্বর) দুপুরে বিদ্যালয়টিতে এ ঘটনা ঘটে বলে জিডিতে উল্লেখ করা হয়েছে।
জানা গেছে, সহকারী শিক্ষক অমিত দাসের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগের সত্যতা যাচাই করতে বুধবার বিদ্যালয়ে যান বাংলা অ্যাফেয়ার্স ,দেশ টিভি ও দৈনিক আমাদের সময়ের হাতিয়া প্রতিনিধি শামীমুজ্জামান শামীম এবং চ্যানেল এস টেলিভিশন ও দৈনিক খবরের কাগজের হাতিয়া প্রতিনিধি মো. হানিফ উদ্দিন সাকিব।
সাংবাদিক শামীমের অভিযোগ, তথ্য সংগ্রহের সময় শিক্ষক অমিত দাস তাদের কাজে বাধা দেন। একপর্যায়ে ক্ষুব্ধ হয়ে অকথ্য ভাষায় গালাগাল এবং মারমুখী আচরণ করেন। এ সময় সাংবাদিকদের ট্রাইপড ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ারও চেষ্টা করা হয়।
জিডিতে আরও বলা হয়েছে, ওই শিক্ষক স্মার্টফোনে ভিডিও ধারণ করে সাংবাদিকদের বিরুদ্ধে চাঁদাবাজি ও হামলার অভিযোগ সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার এবং বিভিন্ন ধরনের হুমকি দিয়েছেন।
সাংবাদিকদের দাবি, অমিত দাসের বিরুদ্ধে কর্মস্থলে অনুপস্থিতি, অন্য শিক্ষকের অনুপস্থিতি সত্ত্বেও বেতন উত্তোলনের সুযোগ দেওয়া এবং শিক্ষক সংকটের মধ্যে বদলি হওয়াসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ রয়েছে। এসব অভিযোগের তথ্য যাচাই করতেই তারা বিদ্যালয়ে গিয়েছিলেন।
এ ঘটনায় নিজের ও সহকর্মীর নিরাপত্তা চেয়ে শামীমুজ্জামান শামীম হাতিয়া থানায় জিডি করেন। এটি ১২৮৫ নম্বর জিডি হিসেবে নথিভুক্ত হয়েছে।
এদিকে সংবাদ সংগ্রহে গিয়ে সাংবাদিকদের হেনস্তার অভিযোগে স্থানীয় সচেতন মহলে উদ্বেগ দেখা দিয়েছে। ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং অভিযোগ প্রমাণিত হলে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।



































