সশস্ত্র বাহিনীর নতুন বেতন কাঠামো প্রকাশ

- সর্বশেষ আপডেট ০৩:১৬:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
- / 135
সশস্ত্র বাহিনীর সদস্যদের জন্য নতুন বেতন কাঠামো প্রকাশ করেছে সরকার। জাতীয় বেতনস্কেল ২০২৬-এর আলোকে প্রণীত নতুন কাঠামোয় সেনা, নৌ ও বিমানবাহিনীর প্রধানদের সর্বোচ্চ মূল বেতন নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৭২ হাজার টাকা। অন্যদিকে, সৈনিক, নাবিক ও বিমানবাহিনীর রিক্রুটদের প্রারম্ভিক মূল বেতন নির্ধারণ করা হয়েছে ২১ হাজার ৪০০ টাকা।
রোববার (১৫ নভেম্বর) এ-সংক্রান্ত গেজেট প্রকাশ করা হয়। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের যৌথ বাহিনী নির্দেশাবলি (জেএসআই) ০১/২০২৬-এ সশস্ত্র বাহিনীর কমিশন্ড অফিসার, এএফএনএস কর্মকর্তা, অফিসার ক্যাডেট, মিডশিপম্যান, ফ্লাইট ক্যাডেট, অনারারি কমিশন্ড অফিসার, জেসিও, বিভিন্ন পদমর্যাদার সদস্য, রিক্রুট, এনসি (ই), ধর্মীয় পরামর্শদানকারী কর্মকর্তা ও এমওডিসি সদস্যদের মূল বেতন, ভাতা এবং অবসরজনিত সুবিধা নির্ধারণ করা হয়েছে।
নতুন কাঠামো অনুযায়ী, তিন বাহিনীর প্রধানদের মূল বেতন ১ লাখ ৭২ হাজার টাকা। লেফটেন্যান্ট জেনারেল, ভাইস অ্যাডমিরাল ও এয়ার মার্শাল পদমর্যাদার কর্মকর্তাদের বেতন ১ লাখ ৬৪ হাজার টাকা। মেজর জেনারেল, রিয়ার অ্যাডমিরাল ও এয়ার ভাইস মার্শালদের মূল বেতন নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৬ হাজার টাকা।
সেনাবাহিনীর কমিশন্ড কর্মকর্তাদের বেতন পদমর্যাদা ও চাকরির মেয়াদ অনুযায়ী নির্ধারিত হবে। সেকেন্ড লেফটেন্যান্টের মূল বেতন ৪৬ হাজার ২০০ থেকে ৪৮ হাজার ৬০০ টাকা, লেফটেন্যান্টের ৪৮ হাজার ৩০০ থেকে ৫৮ হাজার ৮০০ টাকা, ক্যাপ্টেনের ৫৮ হাজার থেকে ৯০ হাজার টাকা এবং মেজরের ৮৬ হাজার থেকে ১ লাখ ৩৯ হাজার ৭০০ টাকা।
লেফটেন্যান্ট কর্নেলের বেতন ১ লাখ থেকে ১ লাখ ৪২ হাজার ৪০০ টাকা, কর্নেলের ১ লাখ ১৩ হাজার থেকে ১ লাখ ৪৮ হাজার ৮০০ টাকা এবং ব্রিগেডিয়ার জেনারেলের ১ লাখ ৩২ হাজার থেকে ১ লাখ ৫৩ হাজার টাকা। মেজর জেনারেল ও লেফটেন্যান্ট জেনারেলের বেতন যথাক্রমে ১ লাখ ৫৬ হাজার ও ১ লাখ ৬৪ হাজার টাকা।
অনারারি ক্যাপ্টেনের নির্ধারিত মূল বেতন ৮৫ হাজার ৭৮০ টাকা এবং অনারারি লেফটেন্যান্টের ৭৬ হাজার ৯৬০ টাকা। মাস্টার ওয়ারেন্ট অফিসারের বেতন ৪৫ হাজার থেকে ১ লাখ ৬ হাজার ২০০ টাকা, সিনিয়র ওয়ারেন্ট অফিসারের ৪৪ হাজার ৫০০ থেকে ১ লাখ ১ হাজার ২০০ টাকা এবং ওয়ারেন্ট অফিসারের ৪৪ হাজার থেকে ৯৬ হাজার ১০০ টাকা।
অন্যান্য পদে সার্জেন্টের মূল বেতন ৩২ হাজার থেকে ৭৭ হাজার ৩০০ টাকা, করপোরালের ২৪ হাজার থেকে ৫৮ হাজার টাকা, ল্যান্স করপোরালের ২৩ হাজার ৫০০ থেকে ৫৬ হাজার ৮০০ টাকা এবং সৈনিকের ২১ হাজার ৪০০ থেকে ৫১ হাজার ৯০০ টাকা। এনসি (ই) পদের বেতন ২১ হাজার থেকে ৫০ হাজার ৯০০ টাকা। রিক্রুটের নির্ধারিত মূল বেতন ২১ হাজার ৪০০ টাকা।
নৌবাহিনীর ক্ষেত্রে অ্যাক্টিং সাব লেফটেন্যান্টের মূল বেতন ৪৬ হাজার ২০০ থেকে ৪৮ হাজার ৬০০ টাকা, সাব লেফটেন্যান্টের ৪৮ হাজার ৩০০ থেকে ৫৮ হাজার ৮০০ টাকা এবং লেফটেন্যান্টের ৫৮ হাজার থেকে ৯০ হাজার টাকা। লেফটেন্যান্ট কমান্ডারের বেতন ৮৬ হাজার ৮০০ থেকে ১ লাখ ৩৯ হাজার ৭০০ টাকা, কমান্ডারের ১ লাখ থেকে ১ লাখ ৪২ হাজার ৪০০ টাকা, ক্যাপ্টেনের ১ লাখ ১৩ হাজার থেকে ১ লাখ ৪৮ হাজার ৮০০ টাকা এবং কমডোরের ১ লাখ ৩২ হাজার থেকে ১ লাখ ৫৩ হাজার টাকা। রিয়ার অ্যাডমিরাল ও ভাইস অ্যাডমিরালের মূল বেতন যথাক্রমে ১ লাখ ৫৬ হাজার ও ১ লাখ ৬৪ হাজার টাকা।
নৌবাহিনীর অনারারি লেফটেন্যান্টের বেতন ৮৫ হাজার ৭৮০ টাকা এবং অনারারি সাব লেফটেন্যান্টের ৭৬ হাজার ৯৬০ টাকা। মাস্টার চিফ পেটি অফিসারের বেতন ৪৫ হাজার থেকে ১ লাখ ৬ হাজার ২০০ টাকা। চিফ আর্টিফিসারের ৪৪ হাজার ৮০০ থেকে ১ লাখ ২ হাজার ৫০০ টাকা, সিনিয়র চিফ পেটি অফিসার ও আর্টিফিসার-১ ও ২-এর ৪৪ হাজার ৫০০ থেকে ১ লাখ ১ হাজার ২০০ টাকা এবং চিফ পেটি অফিসার ও আর্টিফিসার-৩-এর ৪৪ হাজার থেকে ৯৬ হাজার ১০০ টাকা।
পেটি অফিসার ও আর্টিফিসার-৪-এর মূল বেতন ৩২ হাজার থেকে ৭৭ হাজার ৩০০ টাকা। লিডিং সিম্যানের ২৪ হাজার থেকে ৫৮ হাজার টাকা, অ্যাবল সিম্যানের ২৩ হাজার ৫০০ থেকে ৫৬ হাজার ৮০০ টাকা এবং অর্ডিনারি ডিউটি সিম্যানের ২১ হাজার ৪০০ থেকে ৫১ হাজার ৯০০ টাকা। নাবিক ও রিক্রুটের প্রারম্ভিক মূল বেতন ২১ হাজার ৪০০ টাকা।
বিমানবাহিনীর জেনারেল ডিউটি ও গ্রাউন্ড ডিউটি শাখার জন্য পৃথক বেতনস্কেল নির্ধারণ করা হয়েছে। জেনারেল ডিউটি শাখায় পাইলট অফিসারের মূল বেতন ৪৬ হাজার ২০০ থেকে ৪৮ হাজার ৬০০ টাকা, ফ্লাইং অফিসারের ৪৮ হাজার ৩০০ থেকে ৫৮ হাজার ৮০০ টাকা, ফ্লাইট লেফটেন্যান্টের ৫৮ হাজার থেকে ৯০ হাজার টাকা এবং স্কোয়াড্রন লিডারের ৮৬ হাজার ৩০০ থেকে ১ লাখ ৩৯ হাজার ৭০০ টাকা।
এ শাখায় উইং কমান্ডারের বেতন ১ লাখ থেকে ১ লাখ ৪২ হাজার ৪০০ টাকা, গ্রুপ ক্যাপ্টেনের ১ লাখ ১৩ হাজার ৭০০ থেকে ১ লাখ ৪৮ হাজার ৮০০ টাকা এবং এয়ার কমডোরের ১ লাখ ৩২ হাজার থেকে ১ লাখ ৫৩ হাজার টাকা।
গ্রাউন্ড ডিউটি শাখায় পাইলট অফিসারের মূল বেতন ৪৬ হাজার ২০০ থেকে ৪৮ হাজার ৬০০ টাকা, ফ্লাইট অফিসারের ৪৮ হাজার ৩০০ থেকে ৫৮ হাজার ৮০০ টাকা, ফ্লাইট লেফটেন্যান্টের ৫৮ হাজার থেকে ৯০ হাজার টাকা এবং স্কোয়াড্রন লিডারের ৮৬ হাজার থেকে ১ লাখ ৩৯ হাজার ৭০০ টাকা। উইং কমান্ডারের বেতন ১ লাখ থেকে ১ লাখ ৪২ হাজার ৪০০ টাকা, গ্রুপ ক্যাপ্টেনের ১ লাখ ১৩ হাজার থেকে ১ লাখ ৪৮ হাজার ৮০০ টাকা এবং এয়ার কমডোরের ১ লাখ ৩২ হাজার ২০০ থেকে ১ লাখ ৫৩ হাজার টাকা।
এয়ার ভাইস মার্শালের মূল বেতন ১ লাখ ৫৬ হাজার টাকা এবং এয়ার মার্শালের ১ লাখ ৬৪ হাজার টাকা। বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল পদে থাকলে তাঁর মূল বেতন হবে ১ লাখ ৭২ হাজার টাকা।
বিমানবাহিনীর অনারারি ফ্লাইট লেফটেন্যান্টের বেতন ৮৫ হাজার ৭৮০ টাকা এবং অনারারি ফ্লাইট অফিসারের ৭৬ হাজার ৯৬০ টাকা। মাস্টার ওয়ারেন্ট অফিসারের মূল বেতন ৪৫ হাজার থেকে ১ লাখ ৬ হাজার ২০০ টাকা, সিনিয়র ওয়ারেন্ট অফিসারের ৪৪ হাজার ৫০০ থেকে ১ লাখ ১ হাজার ২০০ টাকা এবং ওয়ারেন্ট অফিসারের ৪৪ হাজার থেকে ৯৬ হাজার ১০০ টাকা। সার্জেন্টের বেতন ৩২ হাজার থেকে ৭৭ হাজার ৩০০ টাকা, করপোরালের ২৪ হাজার থেকে ৫৮ হাজার টাকা, ল্যান্স করপোরাল বা এলএসির ২৩ হাজার ৫০০ থেকে ৫৬ হাজার ৮০০ টাকা এবং এসি-১ পদের ২১ হাজার ৪০০ থেকে ৫১ হাজার ৯০০ টাকা। রিক্রুট বা এসি-২ পদের মূল বেতন ২১ হাজার ৪০০ টাকা।
এএফএনএস ক্যাডেটদের মূল বেতন নির্ধারণ করা হয়েছে ২২ হাজার ৪০০ টাকা। এ শাখায় লেফটেন্যান্টের বেতন ৪৬ হাজার ২০০ থেকে ৫৯ হাজার টাকা, ক্যাপ্টেনের ৪৮ হাজার ৩০০ থেকে ৭৭ হাজার ৮০০ টাকা এবং মেজরের ৫৮ হাজার থেকে ১ লাখ ৯ হাজার ৪০০ টাকা। লেফটেন্যান্ট কর্নেলের বেতন ৮৬ হাজার ৩০০ থেকে ১ লাখ ২২ হাজার ৫০০ টাকা এবং কর্নেলের ১ লাখ থেকে ১ লাখ ২৭ হাজার ৩০০ টাকা।
প্রশিক্ষণরত সেনা, নৌ ও বিমানবাহিনীর অফিসার ক্যাডেটদের মাসিক মূল বেতন নির্ধারণ করা হয়েছে ২৩ হাজার টাকা। নৌবাহিনীর মিডশিপম্যান পাবেন ২৩ হাজার ৮০০ টাকা এবং এএফএনএস ক্যাডেটরা পাবেন ২২ হাজার ৪০০ টাকা।
নতুন বেতন কাঠামো একসঙ্গে পুরোপুরি কার্যকর হচ্ছে না। ধাপে ধাপে তা বাস্তবায়ন করা হবে। বাহিনীপ্রধান থেকে ওয়ারেন্ট অফিসার ও সমতুল্য পদমর্যাদার সদস্যরা ১ জুলাই থেকে ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত নতুন নির্ধারিত মূল বেতনের ৪০ শতাংশ এবং ১ জানুয়ারি থেকে ৩০ জুন ২০২৭ পর্যন্ত ৭০ শতাংশ পাবেন। ১ জুলাই ২০২৭ থেকে এ শ্রেণির সদস্যরা শতভাগ নতুন মূল বেতন পাবেন।
অন্যদিকে, সার্জেন্ট ও সমতুল্য পদ থেকে এনসি (ই) এবং অফিসার ক্যাডেট থেকে রিক্রুট পর্যায়ের সদস্যরা ২০২৬ সালের ১ জুলাই থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত নতুন মূল বেতনের ৫০ শতাংশ এবং ২০২৭ সালের ১ জানুয়ারি থেকে ৩০ জুন পর্যন্ত ৭৫ শতাংশ পাবেন। ১ জুলাই ২০২৭ থেকে তাঁদের জন্যও পূর্ণ বেতন কার্যকর হবে।
নতুন নির্দেশনায় আগের জেএসআইয়ের আওতায় দেওয়া বিশেষ সুবিধা ১ জুলাই ২০২৬ থেকে বিলুপ্ত করা হয়েছে। এ সুবিধার আওতায় পাওয়া অর্থ বকেয়া বেতনের সঙ্গে সমন্বয় করা হবে। তবে বেতন-ভাতা ও অন্যান্য সুবিধার নতুন হার কার্যকর হবে ১ জানুয়ারি ২০২৮ থেকে। এর আগ পর্যন্ত ৩০ জুন ২০২৬ তারিখে কার্যকর থাকা হার অনুযায়ী ভাতা দেওয়া হবে।
নতুন কাঠামোয় কয়েকটি ভাতার পরিমাণও বাড়ানো হয়েছে। প্রতিরক্ষা সার্ভিস ভাতা জেনারেল পর্যায়ে ৬ হাজার থেকে বাড়িয়ে ৭ হাজার ২০০ টাকা এবং সেকেন্ড লেফটেন্যান্ট পর্যায়ে ৫ হাজার ৫৭৫ থেকে বাড়িয়ে ৬ হাজার ৬৯০ টাকা করা হয়েছে। কিট ভাতা ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৩২০ টাকা, ব্যাটম্যান ভাতা ৬০০ থেকে ১ হাজার ২০০ টাকা এবং ডিস্টারব্যান্স ভাতা ২ হাজার থেকে ২ হাজার ২০০ টাকা করা হয়েছে। দৈনিক ঝুঁকি ভাতা ১১০ থেকে বাড়িয়ে ১২১ টাকা নির্ধারণ করা হয়েছে। পাহাড়ি ভাতা হবে মূল বেতনের ২০ শতাংশ।
এ ছাড়া নতুন করে মোবাইল ভাতা, প্রতিবন্ধী সন্তান ভাতা, হাওর-দ্বীপ-চর ভাতা এবং তেজস্ক্রিয় ঝুঁকি ভাতা চালু করা হয়েছে। মেজর ও তদূর্ধ্ব পদমর্যাদার কর্মকর্তারা মাসে ৫০০ টাকা এবং ক্যাপ্টেন ও নিচের পদমর্যাদার সদস্যরা ১৫০ টাকা মোবাইল ভাতা পাবেন। প্রতিবন্ধী সন্তানের জন্য মাসে ৩ হাজার টাকা করে ভাতা দেওয়া হবে। সর্বোচ্চ দুই সন্তানের জন্য এ সুবিধা প্রযোজ্য হবে।
হাওর, দ্বীপ ও চর এলাকায় কর্মরত সদস্যরা মূল বেতনের ২০ শতাংশ হারে ভাতা পাবেন। তবে এ ভাতার সর্বোচ্চ সীমা ৫ হাজার টাকা। অন্যদিকে, রাডার ও রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে কর্মরত সদস্যদের তেজস্ক্রিয় ঝুঁকি ভাতা হিসেবে মাসে ২ হাজার টাকা দেওয়া হবে।
গেজেট অনুযায়ী, ৩০ জুনের আগে অবসর প্রস্তুতিমূলক ছুটি (এলপিআর) শেষ করে ১ জুলাই অবসরে যাওয়া সদস্যরা নতুন বেতন নির্ধারণের সুবিধা পাবেন না। তবে তাঁরা শতাংশের হিসাবে পেনশন বৃদ্ধির সুবিধা পাবেন।

































