লটারিতে মালয়েশিয়ায় চাকরির জন্য নির্বাচিত ৩০০ জন

- সর্বশেষ আপডেট ০৮:০৮:০৮ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬
- / 119
মালয়েশিয়ার খ্যাতনামা প্রতিষ্ঠান ডিএইচএল সাপ্লাই চেইন মালয়েশিয়া এসডিএন বিএইচডিতে (DHL Supply Chain Malaysia Sdn. Bhd.) শূন্য অভিবাসন ব্যয়ে কর্মী নিয়োগের জন্য লটারির মাধ্যমে প্রাথমিকভাবে ৩০০ জন প্রার্থীকে নির্বাচন করা হয়েছে। তাঁদের মধ্য থেকে যাচাই-বাছাই ও ব্যবহারিক এবং মৌখিক পরীক্ষার মাধ্যমে চূড়ান্তভাবে ১১২ জনকে মালয়েশিয়ায় পাঠানো হবে।
রোববার (৮ নভেম্বর) বিকেল সাড়ে ৪টায় রাজধানীর প্রবাসী কল্যাণ ভবনের প্রবাসী মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে ইলেকট্রনিক পদ্ধতিতে এ লটারি অনুষ্ঠিত হয়। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিনিধি, বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) কর্মকর্তা এবং গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে লটারি কার্যক্রম পরিচালিত হয়।
বোয়েসেল জানায়, ৬ নভেম্বর থেকে ৮ নভেম্বর বিকেল ৪টা পর্যন্ত অনলাইনে আবেদন গ্রহণ করা হয়। নির্ধারিত সময়ের মধ্যে মোট ৪ হাজার ২৯ জন প্রার্থী আবেদন করেন। তাঁদের মধ্য থেকে লটারির মাধ্যমে প্রাথমিকভাবে ৩০০ জনকে নির্বাচন করা হয়েছে। নির্বাচিতদের মধ্যে অপারেশনস অ্যাসিস্ট্যান্ট পদে ২০০ জন এবং টেকনিক্যাল স্কিল ওয়ার্কার্স পদে ১০০ জন রয়েছেন। তাঁদের তালিকা শিগগিরই বোয়েসেলের ওয়েবসাইট ও ফেসবুক পেজে প্রকাশ করা হবে।
প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা নেবেন নিয়োগকারী প্রতিষ্ঠান ডিএইচএল সাপ্লাই চেইনের প্রতিনিধিরা। পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ ১১২ জন কর্মীকে কোনো অভিবাসন ব্যয় ছাড়াই মালয়েশিয়ায় পাঠানো হবে।
অনুষ্ঠানে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব আহমাদুল হক বলেন, বর্তমান সরকারের নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী আগামী পাঁচ বছরে এক কোটি জনশক্তি বিদেশে পাঠানোর লক্ষ্য রয়েছে। এ ধরনের উদ্যোগ সেই লক্ষ্য অর্জনে সহায়ক হবে। একই সঙ্গে প্রবাসী কল্যাণমন্ত্রীর ঘোষিত শূন্য অভিবাসন ব্যয়ে কর্মী পাঠানোর প্রতিশ্রুতিও বাস্তবায়িত হচ্ছে।
বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাশেদুল হক বলেন, সরকারি ব্যবস্থাপনায় মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে এবারই প্রথম লটারির মাধ্যমে যোগ্য ও দক্ষ কর্মী নির্বাচনের উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে নিয়োগপ্রক্রিয়ায় স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করার বার্তা দেওয়া হচ্ছে।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকে নির্বাচিত কর্মীদের মালয়েশিয়ায় পাঠানোর জন্য ফ্লাইট শুরু হবে। এ ছাড়া পর্যটন, ম্যানুফ্যাকচারিং ও কেয়ারগিভিং খাতে আরও ৫৫৮ জন কর্মী নিয়োগের চাহিদাপত্র পেয়েছে বোয়েসেল। এসব কর্মীর মেডিকেল পরীক্ষা, বিমানভাড়াসহ যাবতীয় ব্যয় নিয়োগকর্তা বহন করবেন। ফলে তাঁরাও সম্পূর্ণ বিনা অভিবাসন ব্যয়ে মালয়েশিয়া যাওয়ার সুযোগ পাবেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক মো. আসাদুজ্জামান, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের যুগ্ম সচিব নূরুন নাহারসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকেরা।



































