খুলনায় তাঁতিদল নেতা হত্যা, আসামি ঢাকায় গ্রেপ্তার
- সর্বশেষ আপডেট ০৪:১৮:৩২ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬
- / 36
খুলনা মহানগরী তাঁতিদলের যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির হত্যা মামলার এজাহারভুক্ত ৩ নম্বর আসামি ফায়েক শেখকে (৪৩) রাজধানী ঢাকা থেকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।
মঙ্গলবার (৩ নভেম্বর) রাত ৭টা ৫০ মিনিটে রাজধানীর পল্লবী থানার সেকশন-১২-এর ব্লক-ই এলাকায় এসআরবি-৬ ও এসআরবি-৪-এর যৌথ অভিযানে তাঁকে গ্রেপ্তার করা হয়। ফায়েক শেখ খুলনার খালিশপুর থানার রায়েরমহল পশ্চিমপাড়া এলাকার শেখ ইদ্রিস আলীর ছেলে। ঘটনার পর তিনি ঢাকায় আত্মগোপনে ছিলেন বলে জানিয়েছে এসআরবি।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১ নভেম্বর সন্ধ্যায় নগরীর রায়েরমহল বড় মসজিদের পেছনে নিজের মালিকানাধীন ‘হিল ক্যানটিন’ নামের ফাস্টফুডের দোকানে অবস্থান করছিলেন হুমায়ুন কবির। এ সময় পূর্বশত্রুতার জেরে ফায়েক শেখসহ কয়েকজন ধারালো চাপাতি ও চাইনিজ কুড়াল নিয়ে তাঁর ওপর হামলা চালান বলে অভিযোগ রয়েছে।
হামলায় গুরুতর আহত হুমায়ুন কবিরকে স্থানীয়রা উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় তাঁর ছেলে সৈয়দ নূর আমিন বাদী হয়ে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) আড়ংঘাটা থানায় হত্যা মামলা করেন।
এসআরবি জানিয়েছে, গ্রেপ্তার ফায়েক শেখকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আড়ংঘাটা থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
































