রংপুরে চুরির অভিযোগে গণপিটুনিতে নিহত ২

- সর্বশেষ আপডেট ১১:২২:২৯ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
- / 119
রংপুরের গঙ্গাচড়া উপজেলায় ব্যাটারিচালিত অটোরিকশা চুরির অভিযোগে গণপিটুনিতে দুজন নিহত হয়েছেন। রোববার (২৫ অক্টোবর) ভোরে উপজেলার বড়বিল ইউনিয়নের বাগপুর বাগেরহাট গ্রামের পুকুর খুড়ির দোলা ক্যানেল এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন কচুয়া সরদারপাড়া এলাকার এজারুল ওরফে রেজাউল কানা (৪৫) এবং কোলকোন্দ ইউনিয়নের বাসিন্দা সাদিকুল ইসলাম (২৫)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরে গ্রামের বাসিন্দা সোহেল মিয়ার বাড়ি থেকে একটি ব্যাটারিচালিত অটোরিকশা চুরি করে নিয়ে যাওয়ার সময় বিষয়টি টের পান তিনি। পরে তাঁর চিৎকারে পাশের মসজিদের মাইকে ‘চোর, চোর’ বলে ঘোষণা দেওয়া হয়। এ সময় ফজরের নামাজ পড়তে আসা মুসল্লি ও স্থানীয় লোকজন অটোরিকশাসহ দুজনকে ধাওয়া করেন।
ধাওয়ার মুখে তাঁরা অটোরিকশাটি ফেলে পালানোর চেষ্টা করেন। পরে এলাকাবাসী তাঁদের পিছু নিয়ে সোহেল মিয়ার বাড়ি থেকে প্রায় আধা কিলোমিটার পশ্চিমে উত্তর পানাপুকুর এলাকার পুকুর খুড়ির দোলায় একটি ধানক্ষেত থেকে আটক করেন। সেখানে স্থানীয় লোকজনের পিটুনিতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।
গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস সবুর বলেন, স্থানীয় লোকজনের কাছ থেকে প্রাথমিকভাবে জানা গেছে, অটোরিকশা চুরির অভিযোগে উত্তেজিত জনতার গণপিটুনিতে দুজনের মৃত্যু হয়েছে।
তিনি আরও বলেন, নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। ময়নাতদন্তের পর অভিযোগকারীদের সঙ্গে কথা বলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।































