অভিযোগ রিজভীর
মিথ্যাচার করে সরকারকে বিতর্কিত করছে জামায়াত

- সর্বশেষ আপডেট ০৩:৪৫:০০ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
- / 137
জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিথ্যাচারের মাধ্যমে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করছেন বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
শনিবার (২৪ অক্টোবর) সকালে রাজধানীর ফকিরাপুল কাঁচাবাজারের সামনে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এ অভিযোগ করেন।
রিজভী বলেন, বিশ্ব খাদ্যসূচকে ভারত ও পাকিস্তানের তুলনায় বাংলাদেশ ভালো অবস্থানে রয়েছে। একটি মহল পরিকল্পিতভাবে দেশে অরাজক পরিস্থিতি তৈরির চেষ্টা করছে। তবে দেশে অস্থিতিশীলতা সৃষ্টি করা হলে জনগণ তা মেনে নেবে না।
আওয়ামী লীগের সঙ্গে রাজনৈতিক সমঝোতার অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, বিএনপির সঙ্গে আওয়ামী লীগের চুক্তি হয়েছে বলে যারা দাবি করছেন, তাদের সেই চুক্তির প্রমাণ ও সংশ্লিষ্ট নথিপত্র দেখাতে হবে। অন্যদিকে, আওয়ামী লীগের সঙ্গে তাদের আঁতাতের বিষয়ে বিএনপি তথ্যপ্রমাণ তুলে ধরেছে বলে দাবি করেন তিনি।
রিজভী আরও বলেন, রাজনৈতিক উদ্দেশ্যে বিভ্রান্তিকর বক্তব্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা চলছে। মিথ্যাচার ও অপপ্রচারের মাধ্যমে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা গ্রহণযোগ্য নয়।































