দীঘিনালায় বৌদ্ধ বিহারে সেনাবাহিনীর সহায়তা

- সর্বশেষ আপডেট ০৭:২৯:২৪ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
- / 187
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার ২ নম্বর বোয়ালখালী ইউনিয়নের কাটারুংছড়া ত্রিরত্ন বৌদ্ধ বিহারের উন্নয়নে ঢেউটিন প্রদান করেছে দীঘিনালা সেনাবাহিনী জোন। একই সঙ্গে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠীর সদস্যদের চিকিৎসাসেবা দেওয়া হয়েছে।
রোববার (১৮ অক্টোবর) সকালে দীঘিনালা জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. আল-আমিন, পিএসসির নির্দেশনায় এবং জোনের আরএমওর তত্ত্বাবধানে এ সহায়তা কার্যক্রম পরিচালিত হয়।
সেনাবাহিনীর এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বৌদ্ধ সম্প্রদায়ের সদস্যরা। তাঁদের মতে, এ ধরনের সহযোগিতা পার্বত্য অঞ্চলে বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতি, সৌহার্দ্য ও পারস্পরিক সহযোগিতার বন্ধন আরও দৃঢ় করতে ভূমিকা রাখবে।
টিন বিতরণ অনুষ্ঠানে কাটারুংছড়া বৌদ্ধ মন্দিরের সহসভাপতি প্রদীপ চন্দ্র চাকমা বলেন, বৌদ্ধ বিহারের উন্নয়ন ও সহযোগিতায় সেনাবাহিনীর অবদান তাঁরা কখনো ভুলবেন না। এ সহায়তা তাঁদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও স্মরণীয় হয়ে থাকবে।
তিনি আরও বলেন, সেনাবাহিনী সব সময় এলাকার মানুষের পাশে থেকে বিভিন্ন উন্নয়নমূলক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সহযোগিতা করে আসছে। তাদের এ আন্তরিকতা ও অবদান বিহার কর্তৃপক্ষ কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করবে।
বৌদ্ধ বিহারের অধ্যক্ষ জয় বৈদ্য ভিক্ষু সেনাবাহিনীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, এ ধরনের সহযোগিতা ধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক সৌহার্দ্য ও সামাজিক বন্ধন সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
ভবিষ্যতেও সেনাবাহিনী ও স্থানীয় জনগণের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সম্প্রীতির এ ধারা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন তিনি।
































