পর্তুগালে ব্যবসা বাড়াচ্ছেন বাংলাদেশি উদ্যোক্তারা

- সর্বশেষ আপডেট ০২:৫৮:৩৮ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬
- / 266
পর্তুগালের রাজধানী লিসবনের বাইরে বিভিন্ন শহরে ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণ করছেন বাংলাদেশি প্রবাসীরা। গ্রোসারি শপ, রেস্তোরাঁ, পোশাকের দোকান ও মোবাইল ব্যবসাসহ নানা উদ্যোগের মাধ্যমে তাঁরা নিজেদের অর্থনৈতিক অবস্থান শক্তিশালী করার পাশাপাশি স্থানীয় অর্থনীতিতেও অবদান রাখছেন। এসব উদ্যোগে তৈরি হচ্ছে কর্মসংস্থানের সুযোগ, বিস্তৃত হচ্ছে বাংলাদেশি কমিউনিটির কার্যক্রম।
দীর্ঘদিন ধরে পর্তুগালে বাংলাদেশিদের বসবাস ও ব্যবসায়িক কার্যক্রমের প্রধান কেন্দ্র লিসবন। তবে সাম্প্রতিক সময়ে রাজধানীর বাইরেও বিভিন্ন শহরে ব্যবসাপ্রতিষ্ঠান গড়ে তুলছেন প্রবাসী উদ্যোক্তারা। তুলনামূলক কম খরচে ব্যবসা পরিচালনা এবং নতুন বাজারের সম্ভাবনা কাজে লাগাতে তাঁদের অনেকে রাজধানীর বাইরে বিনিয়োগ করছেন।
প্রবাসে ভাগ্য পরিবর্তনের স্বপ্ন নিয়ে পর্তুগালে পাড়ি জমিয়েছিলেন বাংলাদেশি উদ্যোক্তা ফারুক শিকদার। শুরুতে ছোট একটি মোবাইলের দোকান দিয়ে ব্যবসা শুরু করেন তিনি। সময়ের সঙ্গে ব্যবসা সম্প্রসারণ করে এখন তাঁর রয়েছে দুটি বড় দোকান। নিজের উদ্যোগের মাধ্যমে ব্যবসা বাড়ানোর পাশাপাশি কর্মসংস্থানের সুযোগ তৈরিতেও ভূমিকা রাখছেন তিনি।
ফারুক শিকদারের ভাষ্য, লিসবনে জীবনযাত্রার ব্যয় ও ব্যবসা পরিচালনার খরচ তুলনামূলক বেশি। এ কারণে অনেক উদ্যোক্তা রাজধানীর বাইরে ব্যবসার সম্ভাবনা খুঁজছেন। সীমিত পুঁজি ও নানা প্রতিকূলতা মোকাবিলা করে বাংলাদেশিরা বিভিন্ন শহরে নিজেদের ব্যবসাপ্রতিষ্ঠান গড়ে তুলছেন। তাঁদের সাফল্য নতুন প্রবাসীদেরও উদ্যোক্তা হওয়ার বিষয়ে আগ্রহী করে তুলছে।
তরুণ উদ্যোক্তা মাছুম আহমেদ বলেন, লিসবনের বাইরেও বাংলাদেশিদের ব্যবসা-বাণিজ্য ক্রমেই বিস্তৃত হচ্ছে। ব্যবসায়িক কার্যক্রমের পাশাপাশি বিভিন্ন সামাজিক সংগঠনের উদ্যোগ, ধর্মীয় আয়োজন, বাংলা নববর্ষ উদ্যাপন ও জাতীয় দিবস পালনের মাধ্যমে প্রবাসে বাংলা ভাষা ও সংস্কৃতির চর্চাও অব্যাহত রয়েছে।
তবে এই অগ্রযাত্রা বাধামুক্ত নয়। ব্যবসা পরিচালনার উচ্চ ব্যয়, ভাষাগত প্রতিবন্ধকতা, প্রশাসনিক জটিলতা, প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহের সমস্যা এবং স্থানীয় বাজারে প্রতিযোগিতার মুখে পড়তে হয় উদ্যোক্তাদের। এসব চ্যালেঞ্জ মোকাবিলা করে ব্যবসা টিকিয়ে রাখা ও সম্প্রসারণের পাশাপাশি নতুন কর্মসংস্থান সৃষ্টির চেষ্টা করছেন তাঁরা।
পর্তুগাল বাংলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শহীদ আহমদ প্রিন্স বলেন, পর্তুগালে বাংলাদেশিদের ক্রমবর্ধমান উপস্থিতি শুধু একটি প্রবাসী কমিউনিটির সম্প্রসারণ নয়; এর সঙ্গে জড়িয়ে রয়েছে পরিশ্রম, আত্মনির্ভরতা ও উদ্যোক্তা হয়ে ওঠার অভিজ্ঞতা। রাজধানী লিসবনের বাইরে বিভিন্ন শহরে বাংলাদেশিদের ব্যবসায়িক উদ্যোগ বাড়লে ভবিষ্যতে তাঁদের অর্থনৈতিক ও সামাজিক অবস্থান আরও সুদৃঢ় হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
প্রবাসে বাংলাদেশি উদ্যোক্তাদের এই বিস্তার আত্মনির্ভরশীলতা অর্জনের পাশাপাশি স্থানীয় সমাজের সঙ্গে সম্পৃক্ত হওয়ার সুযোগ তৈরি করছে। তবে এই অগ্রযাত্রা ধরে রাখতে ব্যবসাবান্ধব পরিবেশ, প্রশাসনিক সহায়তা এবং উদ্যোক্তাদের বিদ্যমান সমস্যাগুলোর কার্যকর সমাধান গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

































