নিরাপত্তা দিতে না পারলে ক্ষমতা ছাড়ুন: জামায়াত আমির
- সর্বশেষ আপডেট ০২:৩১:১১ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬
- / 33
নাগরিকরা যদি নিজেদের জানমালের নিরাপত্তা নিয়ে নিশ্চিন্তে ঘুমাতে না পারেন, তাহলে সেই সরকারের ক্ষমতায় থাকার প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
রোববার (৪ অক্টোবর) সকালে রাজধানীর মধুবাগ মাঠে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, রাজধানী ঢাকাসহ দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির মারাত্মক অবনতি হয়েছে। একই সঙ্গে নাগরিকদের মৌলিক স্বাস্থ্যসেবা ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোও দুর্বল হয়ে পড়েছে। সরকারের পাশাপাশি বিরোধী পক্ষগুলোকেও জনস্বার্থে কার্যকর কাজ করতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেন তিনি।
বিমানবন্দরে দলীয় সংসদ সদস্যদের হেনস্তার অভিযোগ প্রসঙ্গে জামায়াত আমির বলেন, অবসরপ্রাপ্ত মেজর আখতারুজ্জামানের বিরুদ্ধে করা মামলা ‘ভিত্তিহীন ও মিথ্যা’। তিনি দাবি করেন, আখতারুজ্জামান কারও ওপর চড়াও হননি এবং তার বিরুদ্ধে আনা অভিযোগগুলো সম্পূর্ণ অসত্য। এ ঘটনাকে নির্যাতিত ও ভুক্তভোগী মানুষের কণ্ঠ রোধের চেষ্টা বলেও মন্তব্য করেন তিনি।
আইন প্রয়োগে দ্বিমুখী আচরণের অভিযোগ তুলে ডা. শফিকুর রহমান বলেন, রাজনৈতিক পরিচয়ের কারণে কোথাও এক ধরনের আচরণ, আবার অন্যদের ক্ষেত্রে ভিন্ন আচরণ করা হচ্ছে। তিনি এ ধরনের বৈষম্যমূলক আচরণ বন্ধের আহ্বান জানান।
সরকারের দুর্নীতি ও লুটপাটের সমালোচনা করে তিনি বলেন, জনগণের করের টাকা লুটপাট চলতে থাকলে মানুষ আর নীরব থাকবে না। স্বাস্থ্যসেবার দুরবস্থা তুলে ধরে তিনি বলেন, সাধারণ মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে ব্যর্থ হলে জনপ্রতিনিধিদেরও জবাবদিহির আওতায় আসতে হবে।
চলমান ডেঙ্গু পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে জামায়াত আমির বলেন, ডেঙ্গু প্রতিরোধে জনগণের মধ্যে সচেতনতা বাড়াতে দলীয়ভাবে মাঠপর্যায়ে কর্মসূচি শুরু করা হয়েছে। সরকার নিষ্ক্রিয় থাকলে জনগণের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে আন্দোলনের মাধ্যমে তাদের জবাবদিহির আওতায় আনা হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।
তিনি বলেন, নাগরিকদের জানমাল, মৌলিক অধিকার ও শান্তি নিশ্চিত করতে ব্যর্থ হলে জনগণ বিকল্প নেতৃত্ব বেছে নেবে।
































