নারী সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতে গুরুত্ব
- সর্বশেষ আপডেট ০৯:১৩:৫৩ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
- / 47
পেশাগত নানা চ্যালেঞ্জ মোকাবিলায় কর্মদক্ষতা ও পেশাদারিত্ব বজায় রেখে নারী সাংবাদিকদের এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্রের (বিএনএসকে) সভাপতি ও বিশিষ্ট সাংবাদিক নাসিমুন আরা হক মিনু।
শনিবার (৫ সেপ্টেম্বর) বেলা ১১টায় রাজধানীর পুরানা পল্টনে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) মিলনায়তনে বিএনএসকে আয়োজিত ‘গণমাধ্যমে নারী সাংবাদিকদের চ্যালেঞ্জ’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে নাসিমুন আরা হক মিনু বলেন, নানা প্রতিকূলতা পেরিয়ে নারী সাংবাদিকরা আজকের অবস্থানে পৌঁছেছেন। কর্মক্ষেত্রের পাশাপাশি পরিবার ও সমাজ থেকেও একজন নারী সাংবাদিককে বিভিন্ন বাধার মুখোমুখি হতে হয়। এসব অভিজ্ঞতা কাজে লাগিয়ে দক্ষতা বাড়িয়ে সামনে এগিয়ে যেতে হবে।
তিনি বলেন, প্রতিকূল পরিস্থিতিতে নারী সাংবাদিকদের পরস্পরের পাশে দাঁড়াতে হবে। ঐক্যবদ্ধভাবে কাজ করলে যেকোনো সংকট মোকাবিলা করা সহজ হবে।
অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের নারী অধিকারকর্মী ও প্রবীণ সাংবাদিক গ্লোরিয়া স্টাইনেমের (৯২) মৃত্যুতে শোক প্রকাশ করা হয়। এ সময় নারী অধিকার আন্দোলনে তার দীর্ঘদিনের ভূমিকা ও অবদানের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন বক্তারা।
বিএনএসকের সাধারণ সম্পাদক শাহনাজ সিদ্দীকি সোমার সঞ্চালনায় সভায় জ্যেষ্ঠ ও তরুণ নারী সাংবাদিকরা তাদের পেশাগত অভিজ্ঞতা তুলে ধরেন।
বক্তারা বলেন, সাংবাদিকতায় নারীদের অংশগ্রহণ বাড়লেও কর্মক্ষেত্রে লিঙ্গভিত্তিক হয়রানি, চরিত্রহনন, চাকরির অনিশ্চয়তা ও আর্থিক নিরাপত্তাহীনতাসহ নানা চ্যালেঞ্জ এখনো রয়েছে। এসব ঝুঁকি মোকাবিলায় নারী সাংবাদিকদের পারস্পরিক সহযোগিতা ও সাংগঠনিক ঐক্য আরও জোরদার করার ওপর গুরুত্ব দেন তারা।
উইমেন জার্নালিস্টস নেটওয়ার্ক, বাংলাদেশের (ডাব্লিউজেএনবি) সমন্বয়কারী ও ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশের (ডিক্যাব) সাবেক সভাপতি আঙ্গুর নাহার মন্টি পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি নিয়মিত শেখা ও নিজের মেধাকে শাণিত করার ওপর গুরুত্ব দেন। প্রতিকূলতার মুখে পড়া সাংবাদিকদের সহায়তার জন্য একটি সমন্বিত তথ্যভান্ডার তৈরিরও আহ্বান জানান তিনি।
দীপ্ত টিভির চট্টগ্রাম ব্যুরো প্রধান রুনা আনসারী বলেন, সাহস ও দৃঢ়তার সঙ্গে প্রতিকূলতা মোকাবিলার মানসিকতা নিয়েই সাংবাদিকতা পেশায় আসা উচিত।
সিনিয়র সাংবাদিক লায়লী বেগম তার দীর্ঘ সাংবাদিকতা জীবনের অভিজ্ঞতা তুলে ধরে বলেন, কুড়িগ্রামে ইট চুরির প্রতিবেদনসহ বিভিন্ন অনুসন্ধানী কাজ করতে গিয়ে তাকে নানা বাধার মুখোমুখি হতে হয়েছে।
ইটিভির জ্যেষ্ঠ সাংবাদিক শাকেরা আরজু শিমু বলেন, সরকার বা পরিস্থিতির পরিবর্তন যাই হোক না কেন, সাংবাদিকদের পেশাগত নৈতিকতা, সততা ও দায়িত্বশীলতা বজায় রেখে কাজ করতে হবে।
সভায় বিএনএসকের সহসভাপতি মুনিমা সুলতানা, সাংগঠনিক সম্পাদক শাহনাজ পারভীন এলিস, প্রচার ও প্রকাশনা সম্পাদক দিলরুবা খান, কার্যনির্বাহী সদস্য অদিতি রহমান, সিনিয়র সদস্য আইরীন নিয়াজী মান্না, উম্মুল ওয়ারা সুইটি, রীতা ভৌমিক, বনশ্রী ডলি, সেবিকা দেবনাথ ও রূপম আক্তারসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য দেন।
আলোচনায় নারী সাংবাদিকদের জন্য কর্মক্ষেত্রে যৌন হয়রানি প্রতিরোধ, মাতৃত্বকালীন ছুটিসহ মৌলিক অধিকার নিশ্চিত করার দাবি উঠে আসে। পাশাপাশি পেশাগত নৈতিকতা বজায় রাখা, পারস্পরিক সহযোগিতা বাড়ানো এবং নারী সাংবাদিকদের দীর্ঘ সংগ্রামের ইতিহাস সংরক্ষণের ওপর গুরুত্ব দেন বক্তারা।
অনুষ্ঠানে দেশের বিভিন্ন গণমাধ্যমে কর্মরত জ্যেষ্ঠ ও তরুণ নারী সাংবাদিকরা অংশ নেন।






























