হাম-ডেঙ্গুর ভিড়ে ফ্লুর হানা, হাসপাতালে চাপ বাড়ছে

- সর্বশেষ আপডেট ০৪:২৯:৫১ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
- / 147
একদিকে হাম ও ডেঙ্গুর প্রকোপ, অন্যদিকে বাড়ছে মৌসুমি ফ্লুর সংক্রমণ। জ্বর, সর্দি-কাশি ও শ্বাসকষ্টের মতো উপসর্গ নিয়ে প্রতিদিনই হাসপাতালে ভিড় করছেন রোগীরা। উপসর্গে মিল থাকায় কোন ভাইরাসে আক্রান্ত হয়েছেন, তা নিয়েও রোগী ও স্বজনদের মধ্যে বাড়ছে উদ্বেগ। একসঙ্গে একাধিক রোগের চাপ সামলাতে গিয়ে ব্যস্ত হয়ে পড়ছে হাসপাতালগুলো।
চার বছর তিন মাস বয়সী শিশু জান্নাতও অসুস্থ হয়ে হাসপাতালে এসেছে। তবে সে হাম, ডেঙ্গু নাকি অন্য কোনো ভাইরাসে আক্রান্ত, তা এখনো নিশ্চিত নন তার মা। তিনি জানান, এখনো শিশুটির পরীক্ষা করানো হয়নি। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী পরীক্ষা করার পরই রোগের বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।
জান্নাতের মতো আরও অনেক শিশুকে নিয়ে হাসপাতালে ছুটছেন অভিভাবকরা। ঢাকার শিশু হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে হাম ও ডেঙ্গুর পাশাপাশি জ্বর, সর্দি-কাশি ও শ্বাসকষ্টের রোগীর সংখ্যাও বাড়ছে। কয়েকজন অভিভাবক জানান, শিশুদের হাম বা জ্বরের চিকিৎসা নেওয়ার পরও ঠান্ডা-জ্বরসহ বিভিন্ন উপসর্গ দেখা দিচ্ছে। বেসরকারি হাসপাতালেও একাধিকবার চিকিৎসা নেওয়ার কথা জানিয়েছেন তারা।
চিকিৎসকদের জন্যও বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে একই ধরনের উপসর্গের আড়ালে থাকা বিভিন্ন রোগ শনাক্ত করা। শিশু বিশেষজ্ঞ ডা. হালিমা আক্তার বলেন, হাম ও ডেঙ্গুর কিছু উপসর্গের মধ্যে মিল রয়েছে। শিশুদের ক্ষেত্রে তিন-চার দিন জ্বর থাকার পর জ্বর কমে গিয়ে শরীরে র্যাশ দেখা দিতে পারে। হামের সঙ্গে পাতলা পায়খানা এবং কখনো কানে পুঁজ পড়ার মতো উপসর্গও দেখা দিতে পারে।
এদিকে হাম ও ডেঙ্গুর রোগীর চাপের মধ্যেই মৌসুমি ফ্লুসহ অন্যান্য রোগে আক্রান্ত রোগী বাড়ায় হাসপাতালগুলোতে ভর্তি রোগীর সংখ্যা বাড়ছে। ফলে বিশেষ করে গুরুতর অবস্থায় থাকা রোগীদের জন্য বেড পাওয়া কঠিন হয়ে পড়ছে।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, যেসব রোগীর শারীরিক অবস্থা তুলনামূলক ভালো এবং দ্রুত ছাড়পত্র দেওয়া সম্ভব, তাদের ছাড়পত্র দিয়ে বেড খালি করা হচ্ছে। পরে ওই বেডে গুরুতর অবস্থায় থাকা নতুন রোগীদের ভর্তি করা হচ্ছে। ফলে একদিকে রোগীর চাপ বাড়ছে, অন্যদিকে সীমিত বেডের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করেই পরিস্থিতি সামাল দিতে হচ্ছে হাসপাতালগুলোকে।

































