মোহনগঞ্জে শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে দুলাভাই গ্রেপ্তার

- সর্বশেষ আপডেট ০৪:০২:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
- / 84
নেত্রকোনার মোহনগঞ্জে বিয়ের আশ্বাস দিয়ে স্ত্রীর চাচাতো বোনকে ধর্ষণের অভিযোগে আবু হানিফ (৩৩) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি দুই সন্তানের বাবা। অভিযোগকারী তরুণী বর্তমানে ছয় মাসের অন্তঃসত্ত্বা বলে জানা গেছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) রাতে মোহনগঞ্জ থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। পরে বৃহস্পতিবার তাকে আদালতে পাঠানো হয়েছে। আবু হানিফ উপজেলার মাঘান সিয়াধার ইউনিয়নের বাখরপুর গ্রামের আবুল কাশেমের ছেলে।
মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুল ইসলাম হারুন বলেন, অভিযোগ পাওয়ার পর দ্রুত আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতে পাঠানো হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, আবু হানিফ বিভিন্ন সময় তার স্ত্রীর চাচাতো বোনকে প্রেমের প্রস্তাব দিতেন। একপর্যায়ে বিয়ের আশ্বাস দিয়ে ওই তরুণীকে সিলেটে নিয়ে যান তিনি। সেখানে একটি বাসা ভাড়া নিয়ে তরুণীর সঙ্গে শারীরিক সম্পর্ক করেন।
পরে তরুণী জানতে পারেন, তিনি অন্তঃসত্ত্বা হয়েছেন। বিষয়টি হানিফকে জানালে তিনি তাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করেন বলে অভিযোগ করা হয়েছে।
অভিযোগে বলা হয়, গর্ভের সন্তান নষ্ট করার জন্য হানিফ একাধিকবার তরুণীকে হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন। পরে গত ১৩ সেপ্টেম্বর রাতে বিয়ে রেজিস্ট্রি করার জন্য হানিফের গ্রামের বাড়িতে যান ওই তরুণী। সেখানে বিয়ের জন্য চাপ দিলে হানিফ ক্ষিপ্ত হয়ে তাকে মারধর করেন বলে অভিযোগ রয়েছে।
এ ঘটনায় মঙ্গলবার ওই তরুণী মোহনগঞ্জ থানায় আবু হানিফের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা করেন। পরে বুধবার রাতে পুলিশ তাকে গ্রেপ্তার করে এবং বৃহস্পতিবার আদালতে পাঠায়।



































