এমপি মাহবুবার বিরুদ্ধে অভিযোগ পেলে দেখবে ইসি
- সর্বশেষ আপডেট ০৭:৪২:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
- / 13
বাংলাদেশ খেলাফত মজলিসের সংরক্ষিত সংসদ সদস্য মাহবুবা হাকিমের হলফনামায় শিক্ষাগত যোগ্যতা নিয়ে তৈরি হওয়া অসংগতির বিষয়ে অভিযোগ পেলে তা খতিয়ে দেখবে নির্বাচন কমিশন (ইসি)।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ গণমাধ্যমকে বলেন, মাহবুবা হাকিমের বিষয়ে কেউ অভিযোগ করলে আইন অনুযায়ী বিষয়টি পর্যালোচনা করা হবে।
সম্প্রতি মাহবুবা হাকিমের নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামায় সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা হিসেবে ‘এলএলএম, ব্যারিস্টার এট ল’ উল্লেখ থাকার বিষয়টি সামনে আসে। তবে বিভিন্ন প্রকাশিত তথ্য ও তাঁর নিজের বক্তব্য অনুযায়ী, তিনি বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স) থেকে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি ডিগ্রি সম্পন্ন করেছেন। আইন বিষয়ে তাঁর কোনো উচ্চতর ডিগ্রি নেই বলেও তিনি জানিয়েছেন।
মাহবুবা হাকিমের দাবি, মনোনয়নপত্র তোলা, পূরণ ও জমা দেওয়ার পুরো প্রক্রিয়া দলের পক্ষ থেকে করা হয়েছিল। তিনি শুধু পূরণ করা ফর্মে স্বাক্ষর করেছেন। তাঁর প্রকৃত শিক্ষাগত যোগ্যতার সনদও জমা দেওয়া হয়েছিল বলে তিনি জানান।
এ বিষয়ে নির্বাচন কমিশনার মাছউদ বলেন, কেউ মিথ্যা তথ্য দিয়েছেন কি না, তা অভিযোগ পাওয়ার পরই আইন অনুযায়ী যাচাই করা হবে। অভিযোগ পেলে কমিশন শুনানি করবে এবং মাহবুবা হাকিমের বক্তব্যও জানতে চাইবে। এরপর প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে।
এর আগে মাহবুবা হাকিম ও তাঁর দল হলফনামায় শিক্ষাগত যোগ্যতার তথ্যের অসংগতিকে অনাকাঙ্ক্ষিত বা করণিক ভুল হিসেবে ব্যাখ্যা করেছে। দলটির পক্ষ থেকে বলা হয়েছে, হলফনামার সঙ্গে তাঁর প্রকৃত শিক্ষাগত যোগ্যতার সনদ সংযুক্ত ছিল।





























