ভেদরগঞ্জে ৩ হাজার ১৪০টি গাছের চারা বিতরণ

- সর্বশেষ আপডেট ০২:৫১:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
- / 141
শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার বালার বাজারে সোসাইটি ফর সোশাল সার্ভিস (এসএসএস)-এর উদ্যোগে দুই দিনব্যাপী বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি শুরু হয়েছে। সোমবার ও মঙ্গলবারের এ কর্মসূচিতে ফলজ, বনজ ও ঔষধি গাছের ৩ হাজার ১৪০টি চারা বিতরণ করা হচ্ছে।
কর্মসূচির আওতায় তারাবুনিয়া উচ্চ বিদ্যালয়, চর সেনসাস সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং এসএসএসের সদস্যদের মধ্যে এসব চারা বিতরণ করা হচ্ছে।
প্রথম দিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন তারাবুনিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হামিদুল হক, চর সেনসাস সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাবারক হোসেন, ভেদরগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাসুম বালা, এসএসএসের ডামুড্যা এরিয়া ম্যানেজার মো. আবদুর রহমান, সখিপুর থানার সাবেক ছাত্রদলের সাধারণ সম্পাদক জিসান বালা, সাবেক সহসভাপতি ফয়সার মাঝি, এসএসএসের সখিপুর শাখার ব্যবস্থাপক ইলিয়াস হোসেন মোড়ল এবং বালার বাজার শাখার ব্যবস্থাপক মো. নাসির উদ্দিন। এ সময় বিদ্যালয়ের শিক্ষার্থীরাও উপস্থিত ছিল।
সখিপুর থানার সাবেক ছাত্রদলের সাধারণ সম্পাদক জিসান বালা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নে এসএসএসের এ উদ্যোগ প্রশংসনীয়। ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণের মাধ্যমে প্রতিষ্ঠানটি পরিবেশ রক্ষার পাশাপাশি মানুষের কল্যাণেও ভূমিকা রাখছে।
এসএসএসের ডামুড্যা এরিয়া ম্যানেজার মো. আবদুর রহমান বলেন, জনকল্যাণমূলক প্রতিষ্ঠান হিসেবে এসএসএস দীর্ঘদিন ধরে মানুষের আর্থসামাজিক উন্নয়নে কাজ করছে। এর পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষায় বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়। সবুজায়ন বাড়ানো ও মানুষকে বৃক্ষরোপণে উৎসাহিত করতেই এ কর্মসূচির আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
কর্মসূচিতে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণের পাশাপাশি বৃক্ষরোপণ ও পরিবেশ রক্ষায় জনসচেতনতা তৈরির ওপর গুরুত্ব দেওয়া হয়।

































