ডাক্তার দেখাতে গিয়ে বাস-মাহিন্দ্রা সংঘর্ষে কিশোরী নিহত
- সর্বশেষ আপডেট ০২:০২:৩০ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
- / 32
মাদারীপুরের রাজৈরে যাত্রীবাহী বাস ও মাহিন্দ্রার সংঘর্ষে রাফিয়া আক্তার নামে এক কিশোরী নিহত হয়েছে। এ ঘটনায় তার মা ও বোনসহ মাহিন্দ্রার আরও চার যাত্রী আহত হয়েছেন।
সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের বৌলগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রাফিয়া সদর উপজেলার ত্রিভাগদি গ্রামের মনির হাওলাদারের মেয়ে।
পুলিশ ও নিহতের স্বজনরা জানান, সকালে মাদারীপুর থেকে মা ও বোনের সঙ্গে মাহিন্দ্রায় করে ডাক্তার দেখাতে টেকেরহাট বন্দরের দিকে যাচ্ছিল রাফিয়া। পথে বৌলগ্রাম এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বরিশালগামী খান পরিবহনের একটি বাসের সঙ্গে মাহিন্দ্রাটির সংঘর্ষ হয়।
এতে রাফিয়াসহ মাহিন্দ্রার কয়েকজন যাত্রী গুরুতর আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাফিয়াকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনায় রাফিয়ার মা সানজিদা বেগম ও ছোট বোন তাবাসসুম আক্তারসহ আরও চারজন আহত হয়েছেন।
দুর্ঘটনার পর ঢাকা-বরিশাল মহাসড়কে কিছু সময় যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
মস্তফাপুর হাইওয়ে থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) আনোয়ার জানান, দুর্ঘটনায় জড়িত খান পরিবহনের বাসটি আটক করা হয়েছে। রাফিয়ার মরদেহ স্বজনরা হাসপাতাল থেকে নিয়ে গেছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।





























