নিখোঁজ আরেকজন
মেঘনায় গোসলে নেমে দুই যমজ ভাইয়ের মৃত্যু

- সর্বশেষ আপডেট ০৫:০২:৩২ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
- / 173
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই যমজ ভাইয়ের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও এক স্কুলছাত্র নিখোঁজ রয়েছে। রোববার (২০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ভাটি বন্দর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত দুইজন হলো মোগরাপাড়া ইউনিয়নের বাড়ি মজলিস এলাকার মো. ফারুকের যমজ ছেলে আরিফিন (১৫) ও আশিকিন (১৫)। নিখোঁজ রয়েছে একই এলাকার আব্দুল আলিমের ছেলে আবির (১৪)।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানান, রোববার দুপুর সাড়ে ৩টার দিকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করে। নিখোঁজ আরেক শিক্ষার্থীর সন্ধানে উদ্ধার অভিযান চলছে।
স্থানীয় সূত্রে জানা যায়, তিনজনই মোগরাপাড়া এইচ.জি.জি.এস. স্মৃতি সরকারি বিদ্যালয়ের শিক্ষার্থী। যমজ ভাই আরিফিন ও আশিকিন নবম শ্রেণিতে এবং আবির অষ্টম শ্রেণিতে পড়ত।
প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার সকালে স্কুলে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয় তারা। পরে স্কুলে না গিয়ে চার বন্ধু মিলে মেঘনা নদীতে গোসল করতে নামে। নদীতে নামার কিছুক্ষণ পর তাদের একজন পানি থেকে উঠে এলেও বাকিরা পানিতে তলিয়ে যায়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে। পরে দুইজনের মরদেহ উদ্ধার করা হয়। নিখোঁজ আবিরের সন্ধানে অভিযান অব্যাহত রয়েছে।































