‘কোন ডিসেম্বরে আসবেন ক্লিয়ার করেন’: শেখ হাসিনাকে দুলু
- সর্বশেষ আপডেট ০৮:২৫:১৩ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
- / 155
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে কোন ডিসেম্বরে মাসে ফিরবেন, তা স্পষ্ট করার আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ ও বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু।
রোববার (১৩ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবে উত্তরাঞ্চল জাতীয়তাবাদী ফোরাম আয়োজিত ‘বর্তমান সরকারের সফলতা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
দুলু বলেন, ‘এ রকম ডিসেম্বর মাস আমাদের জীবনে বহু গেছে। বহু রোজা, ঈদ, পূজা ও বর্ষাকালও গেছে। ২০৩০ সালের নাকি ৫০ সালের ডিসেম্বর; এটা ক্লিয়ার করেন।’ হুমকি-ধমকি দিয়ে দেশের গণতান্ত্রিক ধারাকে বাধাগ্রস্ত করা যাবে না বলেও মন্তব্য করেন তিনি।
শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গে হুইপ বলেন, তিনি কোন সীমান্ত দিয়ে দেশে ফিরবেন, সেটিও ঘোষণা করতে হবে। জুলাই আন্দোলনে নিহত ছাত্র-জনতার প্রসঙ্গ তুলে তিনি বলেন, তাদের রক্তের দাগ এখনো শুকায়নি। গত ১৭ বছরে গুম-খুনের শিকার পরিবারগুলোসহ সবাই বিচারের অপেক্ষায় রয়েছে। অতীতের হত্যাকাণ্ডের বিচার হবে এবং শেখ হাসিনাকে বাংলাদেশের মানুষের বিচারের মুখোমুখি হতে হবে বলেও মন্তব্য করেন তিনি।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকারের কার্যক্রমের প্রসঙ্গে দুলু বলেন, নির্বাচনের পর থেকে প্রধানমন্ত্রী বিধ্বস্ত বাংলাদেশকে ঘুরে দাঁড় করাতে সকাল ৯টা থেকে রাত প্রায় ১২টা পর্যন্ত কাজ করছেন। তিনি কোনো প্রটোকল নেন না এবং সাধারণ মানুষের সঙ্গে বৈষম্যহীন আচরণের দৃষ্টান্ত তৈরি করেছেন বলে দাবি করেন হুইপ।
সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরে তিনি বলেন, কৃষকদের ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ করা হয়েছে এবং কৃষক কার্ড দেওয়া হচ্ছে। অসহায় নারীদের জন্য ফ্যামিলি কার্ড চালু করা হয়েছে। ইমাম-মুয়াজ্জিনসহ বিভিন্ন ধর্মের ধর্মীয় নেতাদের সম্মানী দেওয়ার উদ্যোগও নেওয়া হয়েছে।
গত ছয় মাসে দেশে কোনো ব্যক্তি গুম হননি দাবি করে দুলু বলেন, রাজনৈতিক প্রতিপক্ষকে ভয় দেখানো বা আটকে রেখে গুম করার ঘটনাও ঘটেনি। গ্যাস, বিদ্যুৎসহ মানুষের বিভিন্ন সমস্যা সমাধান এবং দেশে গণতান্ত্রিক ধারা ফিরিয়ে আনতে সরকার কাজ করছে বলেও জানান তিনি।
আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকার প্রসঙ্গ তুলে দুলু দলটির সাম্প্রতিক মিছিল নিয়েও মন্তব্য করেন। একই সঙ্গে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, মতপার্থক্য থাকতে পারে; তবে দেশকে রক্ষায় ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
আলোচনা সভায় সংরক্ষিত আসনের সংসদ সদস্য ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি অ্যাডভোকেট মাহমুদা হাবীবা বলেন, সরকার গঠনের পর গত পাঁচ মাসে ২৫ হাজার কোটি টাকা বিদেশি ঋণ পরিশোধ করা হয়েছে। ঋণের সুদের চাপ কমিয়ে আনতেও সরকার কাজ করছে।
সরকারি ব্যবস্থাপনায় চলতি বছর হজ পালনকারী হজযাত্রীদের উদ্বৃত্ত অর্থ তাদের ব্যাংক হিসাবে ফেরত দেওয়া হচ্ছে বলেও জানান তিনি। তার দাবি, এটি শুধু বাংলাদেশ নয়, বিশ্বেও একটি নজির।
উত্তরাঞ্চল জাতীয়তাবাদী ফোরামের ভারপ্রাপ্ত সভাপতি মো. এছাহক আলীর সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য রমেস দত্ত, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড. মো. নাদিরুজ্জামান মন্ডলসহ অন্যরা।





























