বগুড়ায় ধারের টাকা ফেরত চাওয়ায় বন্ধুকে বিষ খাইয়ে হত্যা

- সর্বশেষ আপডেট ০৬:১৫:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
- / 169
বগুড়ায় ধারের টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে বিরোধের জেরে ওয়াহেদ হোসেন নিঝুম (৩৭) নামে এক ফল ব্যবসায়ীকে বিষ খাইয়ে হত্যার অভিযোগ উঠেছে তাঁর দুই বন্ধুর বিরুদ্ধে। এ ঘটনায় নাজিম উদ্দিন (৩৭) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মামলার অপর আসামি মো. স্বপন পলাতক রয়েছেন।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেলে নাজিমকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ডের আবেদন করে পুলিশ। শুনানি শেষে বগুড়ার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম তাঁর পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে বুধবার কাহালু উপজেলার মদনাই গ্রাম থেকে নাজিমকে গ্রেপ্তার করে বগুড়া সদর থানা পুলিশ। তিনি ওই গ্রামের বাসিন্দা। নাজিম ও মামলার অপর আসামি স্বপন একটি বেসরকারি সংস্থায় (এনজিও) বাবুর্চির কাজ করতেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, নিহত ওয়াহেদ হোসেন নিঝুম বগুড়া শহরের স্টেশন সড়কে তাঁর বাবার সঙ্গে ফলের আড়ত পরিচালনা করতেন। কিছুদিন আগে তিনি মায়ের নামে একটি এনজিও থেকে সাত লাখ টাকা ঋণ নেন। ওই ঋণের টাকা থেকে স্বপনকে দুই লাখ এবং নাজিমকে এক লাখ টাকা ধার দেন ওয়াহেদ।
পরে ধার দেওয়া টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে ওয়াহেদের সঙ্গে নাজিম ও স্বপনের বিরোধ সৃষ্টি হয়। একপর্যায়ে পাওনা টাকা পরিশোধ না করার জন্য তাঁকে হত্যার পরিকল্পনা করা হয় বলে মামলার এজাহারে অভিযোগ করা হয়েছে।
পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে নাজিম হত্যার পরিকল্পনার কথা স্বীকার করেছেন। হত্যাকাণ্ডের আগে তিনি ইন্টারনেটে মানুষকে অচেতন করার ওষুধের নামও খুঁজে দেখেছিলেন বলে তদন্তে জানা গেছে।
তদন্তসংশ্লিষ্টদের ভাষ্য, পরিকল্পনা অনুযায়ী গত ৭ আগস্ট ওয়াহেদকে বগুড়া শহরের মালগ্রাম এলাকার একটি এনজিও কার্যালয়ে ডেকে নেন নাজিম ও স্বপন। সেখানে কোমল পানীয়র সঙ্গে চেতনানাশক ও বিষাক্ত দ্রব্য মিশিয়ে তাঁকে পান করানো হয়। পরে কিছুক্ষণের মধ্যেই ওয়াহেদের মৃত্যু হয় বলে পুলিশের দাবি।
পুলিশ জানায়, ওই রাতেই ওয়াহেদের মরদেহ বস্তায় ভরে মালগ্রাম এলাকার একটি ধানখেতে ফেলে রাখেন নাজিম ও স্বপন। এরপর তাঁরা কর্মস্থলের চাকরি ছেড়ে আত্মগোপনে চলে যান।
ওয়াহেদ নিখোঁজ হওয়ার পর তাঁর পরিবারের পক্ষ থেকে বগুড়া সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। নিখোঁজের পাঁচ দিন পর ১২ আগস্ট মালগ্রাম মধ্যপাড়া এলাকার একটি ধানখেত থেকে বস্তাবন্দী অর্ধগলিত মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে স্বজনরা মরদেহটি ওয়াহেদের বলে শনাক্ত করেন।
এ ঘটনায় ওয়াহেদের ভাই সোহেল হোসেন বাদী হয়ে বগুড়া সদর থানায় হত্যা মামলা করেন। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় কল রেকর্ড বিশ্লেষণ করে নাজিম ও স্বপনের সম্পৃক্ততার তথ্য পাওয়া যায় বলে জানিয়েছে পুলিশ।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম আলী বলেন, তথ্যপ্রযুক্তির সহায়তায় তদন্ত চালিয়ে হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত করা হয়েছে। নাজিমকে গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা বগুড়া সদর থানার উপপরিদর্শক (এসআই) শরিফুল ইসলাম বলেন, গ্রেপ্তার নাজিমকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মামলার পলাতক আসামি স্বপনকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।


































