আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন স্থগিত চেয়ে রিট
- সর্বশেষ আপডেট ০৮:৫২:২৬ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬
- / 84
বাংলাদেশ আওয়ামী লীগ ও দলটির সব অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ করে জারি করা প্রজ্ঞাপন স্থগিত চেয়ে করা রিট হাইকোর্টের কার্যতালিকায় উঠেছে।
সোমবার (৭ সেপ্টেম্বর) বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি আজিজ আহমদ ভূঞার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চের কার্যতালিকায় রিটটি ৬০ নম্বর ক্রমিকে রয়েছে।
এর আগে ২০২৫ সালের ১২ মে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ এক প্রজ্ঞাপনের মাধ্যমে আওয়ামী লীগ ও এর অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের সব ধরনের কর্মকাণ্ড নিষিদ্ধ করে। প্রজ্ঞাপনে বলা হয়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দলটির নেতা-কর্মীদের বিচারকার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত এ নিষেধাজ্ঞা বহাল থাকবে।
প্রজ্ঞাপন অনুযায়ী, দলটির প্রকাশনা, গণমাধ্যমে প্রচারণা, অনলাইন ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার, মিছিল, সভা-সমাবেশ ও সম্মেলনসহ সব ধরনের কার্যক্রম নিষিদ্ধ করা হয়।
প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ করে মুন্সিগঞ্জের শ্রীনগরের মো. আল আমিন হাইকোর্টে রিটটি করেন।
রিটে ২০২৫ সালের ১২ মে জারি করা প্রজ্ঞাপনকে কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না, তা জানতে রুল জারির আবেদন করা হয়েছে। একই সঙ্গে রুলের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত প্রজ্ঞাপনটির কার্যকারিতা স্থগিত চাওয়া হয়েছে।
এখন হাইকোর্টের শুনানিতে রিটের আবেদন ও প্রজ্ঞাপনের বৈধতা নিয়ে আদালতের অবস্থান জানা যাবে।





























