দাবি পুলিশের
মুগ্ধ-সিদ্ধার্থই হত্যাকারী, তিনজনকে ছাদে হত্যা

- সর্বশেষ আপডেট ০২:৫৮:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬
- / 235
রংপুর নগরীর মাছুয়াপাড়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী, তাঁর স্ত্রী ও দুই সন্তান হত্যাকাণ্ডে গ্রেপ্তার মুগ্ধ দাস ও সিদ্ধার্থ দাসকেই হত্যাকারী হিসেবে দাবি করেছে মহানগর পুলিশ। দুই আসামির আদালতে দেওয়া জবানবন্দির বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, চারজনের মধ্যে গণপতি চক্রবর্তী, তাঁর স্ত্রী ও মেয়েকে বাড়ির ছাদে হত্যা করা হয়। পরে মরদেহগুলো এমনভাবে রাখা হয়, যাতে পাশের বাড়ির ছাদ থেকে সহজে দেখা না যায়।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে মামলার তদন্তের অগ্রগতি জানাতে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান রংপুর মহানগর পুলিশ কমিশনার মোহাম্মদ আব্দুল মাবুদ।
পুলিশ কমিশনার জানান, সিদ্ধার্থ দাসের জবানবন্দি অনুযায়ী, ২১ আগস্ট ভোরে মুগ্ধকে সঙ্গে নিয়ে সীমান্ত দাসের বাসা থেকে বের হন তিনি। এর আগে তারা একাধিকবার ইয়াবা সেবন করেন। পরে আরও ইয়াবা সংগ্রহ করে তারা আবার সীমান্তের বাসায় যান। সেখান থেকে বের হওয়ার পর রাস্তায় কুকুর দেখে তারা পাশের একটি বাড়ির দেয়াল টপকে গণপতি চক্রবর্তীর বাড়ির ছাদে ওঠেন।
পুলিশের ভাষ্য অনুযায়ী, গণপতি চক্রবর্তীর বাড়ির ছাদটি চারদিকে হাফ-ওয়াল দিয়ে ঘেরা ছিল। সেখানে পানির ট্যাংকের আড়ালে বসে মুগ্ধ ও সিদ্ধার্থ ইয়াবা সেবন করতে থাকেন। একপর্যায়ে ভোর হয়ে গেলেও তারা বিষয়টি খেয়াল করেননি। জবানবন্দিতে সিদ্ধার্থ ওই রাতে মোট আটটি ইয়াবা সেবনের কথা জানিয়েছেন বলে পুলিশ দাবি করেছে।
পুলিশ কমিশনার বলেন, সকালে গণপতি চক্রবর্তী ছাদে হাঁটতে এসে তাদের দেখে ফেলেন। এ সময় তিনি দুজনকে সেখানে থাকার কারণ জানতে চান। নিজেদের ‘মান-সম্মান’ রক্ষার কথা ভেবে মুগ্ধ ও সিদ্ধার্থ তাঁর গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করেন। পরে মরদেহটি ছাদের এক পাশে টিন দিয়ে ঢেকে রাখা হয়।
পুলিশের দাবি, শব্দ শুনে গণপতির স্ত্রী ও মেয়ে ছাদে এলে তাঁরাও চিৎকার শুরু করেন। তখন মুগ্ধ গণপতির স্ত্রীর গলা চেপে ধরেন এবং সিদ্ধার্থ তাঁর মেয়ের গলা ও মুখ চেপে ধরেন। পরে একই গামছা এবং একটি রশি ব্যবহার করে মেয়েটিকেও শ্বাসরোধে হত্যা করা হয়। তাঁদের মরদেহ ছাদের সিঁড়ির গেটের আড়ালে রাখা হয়।
এরপর বাড়ির ভেতরে ঢুকে মুগ্ধ ও সিদ্ধার্থ গণপতির ছেলে প্রিয়ম চক্রবর্তীকে দেখতে পান। পুলিশ জানায়, সিদ্ধার্থকে দেখে প্রিয়ম ‘সিদ্ধার্থ দাদা, তুমি এখানে কেন?’ এমন প্রশ্ন করেন। তখন তাঁর গলায় কাপড় পেঁচিয়ে তাকেও হত্যা করা হয়।
হত্যাকাণ্ডের পর বাড়িতে সিসি ক্যামেরা থাকার আশঙ্কা করেন দুই আসামি। এরপর ছাদে পড়ে থাকা একটি পুরোনো প্লাস দিয়ে বিদ্যুতের তার কেটে দেওয়া হয়। পরে হত্যাকাণ্ডকে চুরি বা ডাকাতির ঘটনা হিসেবে দেখানোর চেষ্টা করা হয় বলে পুলিশের দাবি।
পুলিশের ভাষ্য, মুগ্ধ ঘর থেকে স্বর্ণালঙ্কার এনে দেন এবং সিদ্ধার্থ সেগুলো প্লাস্টিকের বাক্স ও কাপড়ের প্যাকেটে রাখেন। তারা বাড়ি থেকে ১৫ হাজার টাকা নেয়। পরে জুমার নামাজের সময় ছাদ দিয়ে পাশের বাড়িতে গিয়ে দেয়াল টপকে বেরিয়ে যান। মুগ্ধ টাকা ও সিদ্ধার্থ স্বর্ণালঙ্কার নিয়ে চলে যান।
পরে সিদ্ধার্থ মুগ্ধর কাছ থেকে সাড়ে তিন হাজার টাকা নিয়ে বন্ধক রাখা নিজের মোবাইল ফোনটি ছাড়িয়ে নেন বলে জানিয়েছে পুলিশ। গ্রেপ্তার মুগ্ধ দাসও আদালতে দেওয়া জবানবন্দিতে একই ধরনের তথ্য দিয়েছেন বলে জানান পুলিশ কমিশনার।
হত্যাকাণ্ডের পর দুই আসামির ডোপ টেস্ট ও ডিএনএ নমুনা পরীক্ষার প্রক্রিয়া চলছে। আদালতের অনুমতি নিয়ে নমুনা সংগ্রহ ও পরীক্ষার কার্যক্রম করা হচ্ছে বলে জানান তিনি।
ময়নাতদন্তের বরাত দিয়ে পুলিশ কমিশনার বলেন, চারজনকেই শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। নিহত দুই নারী; আগামী চক্রবর্তী ও প্রীতিলতা চক্রবর্তীর মরদেহ থেকে ভ্যাজাইনাল সোয়াব সংগ্রহ করা হয়েছিল। পরীক্ষায় ধর্ষণের কোনো আলামত পাওয়া যায়নি বলেও জানান তিনি।
পুলিশ আরও জানায়, হত্যার সময় আসামিদের চিৎকার এক প্রতিবেশী নারী শুনেছিলেন। তিনি বিষয়টি পুলিশকে জানান। এ কারণে তাঁর স্বামী তাঁকে মারধর করেছেন বলেও পুলিশকে জানিয়েছেন ওই নারী।
এ ঘটনায় সীমান্ত দাস ও দখিগঞ্জ শ্মশানের কেয়ারটেকার বিদ্যুৎ দাসের আদালতে জবানবন্দি রেকর্ড করা হয়েছে। এসব জবানবন্দি, ঘটনাস্থল থেকে সংগ্রহ করা আলামত ও অন্যান্য তথ্য বিশ্লেষণ করে তদন্ত এগিয়ে নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন পুলিশ কমিশনার।
সংবাদ সম্মেলন শেষে সাংবাদিকরা মামলার তদন্ত, হত্যার উদ্দেশ্যসহ বিভিন্ন বিষয়ে প্রশ্ন করেন। কয়েকটি প্রশ্নের উত্তর দেওয়ার পর অন্য প্রশ্নের উত্তর না দিয়েই দ্রুত সংবাদ সম্মেলনস্থল ত্যাগ করেন পুলিশ কমিশনার মোহাম্মদ আব্দুল মাবুদ।































