কলকাতায় ‘শিখা ইন’ হোটেলের মালিক গ্রেপ্তার
- সর্বশেষ আপডেট ১১:৪৭:১৪ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬
- / 8
কলকাতার নিউমার্কেট এলাকার ‘শিখা ইন’ হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় আত্মগোপনে থাকা মালিক বীরেশ্বর মিত্রকে গ্রেপ্তার করেছে পুলিশ।
কলকাতা পুলিশ সদর দপ্তরের স্পেশাল ফোর্স ও বেহালা থানার পুলিশের যৌথ অভিযানে শনিবার (২২ আগস্ট) রাতে বেহালার ডায়মন্ড হারবার রোডে নিজের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্র জানায়, গত মঙ্গলবার হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর বীরেশ্বর মিত্র নিজের গাড়িতে কলকাতা ছেড়ে ঝাড়খণ্ডের ধানবাদে আত্মগোপন করেন। পরে শনিবার তিনি কলকাতার বাড়িতে ফিরলে পুলিশ তাকে গ্রেপ্তার করে।
এর আগে অগ্নিকাণ্ডের ঘটনায় হোটেলের লিজহোল্ডার প্রধান অভিযুক্ত আবু জাফরকে গ্রেপ্তার করা হয়। গত বৃহস্পতিবার তাকে আটক করে কলকাতা পুলিশ।
গত মঙ্গলবার নিউমার্কেটের ‘শিখা ইন’ হোটেলে ভয়াবহ আগুনে নয়জনের মৃত্যু হয়। নিহতদের মধ্যে সাতজন বাংলাদেশি ও দুজন ভারতীয় নাগরিক ছিলেন। ঘটনার পর থেকেই হোটেল মালিক বীরেশ্বর মিত্রের সন্ধান পাওয়া যাচ্ছিল না।
পুলিশ জানিয়েছে, বীরেশ্বর মিত্রের দুটি ব্যাংক হিসাব ইতোমধ্যে জব্দ করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করে অগ্নিকাণ্ডের বিষয়ে আরও তথ্য পাওয়ার আশা করছে তদন্তকারীরা।
এদিকে কলকাতা পুলিশ ও ফায়ার সার্ভিস ‘শিখা ইন’ ভবনটিকে বিপজ্জনক হিসেবে চিহ্নিত করে নোটিশ দিয়েছে।
নিউমার্কেট এলাকার কলিন স্ট্রিট, মির্জা গালিব স্ট্রিট, ফ্রি স্কুল স্ট্রিট, সদর স্ট্রিট, মার্কুইস স্ট্রিটসহ আশপাশের এলাকায় ছোট-বড় অসংখ্য হোটেল রয়েছে। ঘিঞ্জি এ এলাকায় অনেক ভবনই পুরোনো। এসব হোটেলের অনেকগুলোতে অগ্নিনিরাপত্তা ও পর্যাপ্ত নজরদারির ঘাটতি রয়েছে বলে অভিযোগ রয়েছে।




























