দারুস সালামে শিশু ধর্ষণের অভিযোগে মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার
- সর্বশেষ আপডেট ০৯:০৬:১৪ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬
- / 9
রাজধানীর দারুস সালামের ২ নম্বর কলোনি এলাকায় ১০ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রীর ওপর যৌন নির্যাতন ও ধর্ষণের অভিযোগে মো. ইয়াসিন (২০) নামে এক মাদ্রাসাশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। স্থানীয়রা তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন। এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে দারুস সালাম থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, শিশুটি ২ নম্বর কলোনির ‘ফয়জুর রহমান হাফিজুল কুরআন মাদ্রাসা ও এতিমখানা’র নুরানি বিভাগের আবাসিক শিক্ষার্থী। অভিযুক্ত ইয়াসিন ওই মাদ্রাসায় শিক্ষকতা করতেন এবং সেখানেই রাতে থাকতেন।
অভিযোগে বলা হয়, গত ১৩ আগস্ট রাত আনুমানিক ১১টার দিকে কৌশলে শিশুটিকে যৌন নির্যাতন ও ধর্ষণ করেন ইয়াসিন। পরে বিষয়টি কাউকে জানালে ভয়ভীতি দেখানো হয়। মাদ্রাসা বন্ধ হওয়ার পর শিশুটি বাড়িতে ফিরে কান্নাকাটি করতে করতে পরিবারের কাছে ঘটনাটি জানায়।
অভিযুক্ত ইয়াসিন চাঁদপুরের মতলব উত্তর উপজেলার লুদুয়া গ্রামের মো. বাবুল মিয়ার ছেলে। তিনি দারুস সালামের ২ নম্বর কলোনি এলাকার ফয়জুর রহমান মাদ্রাসায় অবস্থান করছিলেন।
ঘটনার পর গত ১৮ আগস্ট রাত ৯টার দিকে স্থানীয়রা ইয়াসিনকে আটক করে পুলিশে সোপর্দ করেন। পরে ১৯ আগস্ট রাত ১টা ১০ মিনিটে দারুস সালাম থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন (সংশোধিত-২০২০)-এর ৯(১) ধারায় মামলা করা হয়।
দারুস সালাম থানার এসআই মো. রাশেদুল ইসলাম ইমন মামলাটির তদন্ত করছেন। পুলিশ জানিয়েছে, অভিযোগের বিষয়ে তদন্ত চলছে এবং আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।




























