গ্রিসে আগুন নেভাতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনা

- সর্বশেষ আপডেট ০১:২৩:২১ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬
- / 129
গ্রিসে ভয়াবহ দাবানল নিয়ন্ত্রণের অভিযানে অংশ নেওয়ার সময় আকাশে দুটি অগ্নিনির্বাপক হেলিকপ্টারের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন ডেনমার্কের পাইলট এবং অন্যজন গ্রিক ফায়ার সার্ভিসের লিয়াজোঁ কর্মকর্তা। দুর্ঘটনায় অপর হেলিকপ্টারে থাকা এক ব্রিটিশ পাইলট ও আরেক গ্রিক কর্মকর্তা প্রাণে বেঁচে গেলেও তারা সামান্য আহত হয়েছেন।
রোববার রাজধানী এথেন্স থেকে প্রায় ৬৫ কিলোমিটার পশ্চিমে এ দুর্ঘটনা ঘটে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ‘বেল’ মডেলের একটি হেলিকপ্টার অন্যটির রোটরে আঘাত করলে সেটিতে আগুন ধরে যায়। পরে সেটি একটি গিরিখাতে বিধ্বস্ত হয়। অন্য হেলিকপ্টারটি জরুরি অবতরণ করতে সক্ষম হয়।
গ্রিক ফায়ার সার্ভিস জানিয়েছে, আত্তিকা ও বোয়োশিয়া সীমান্ত এলাকায় ছড়িয়ে পড়া বড় একটি দাবানল নিয়ন্ত্রণে কাজ করছিল অস্ট্রেলীয় প্রতিষ্ঠান ম্যাকডারমট এভিয়েশন থেকে ভাড়া নেওয়া দুটি হেলিকপ্টার। আগুন নেভানোর অভিযানের মধ্যেই এ সংঘর্ষের ঘটনা ঘটে।
দুর্ঘটনার পর জরুরি উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে একটি হেলিকপ্টারের দুই আরোহীকে জীবিত উদ্ধার করেন। তবে অপর হেলিকপ্টারের দুই ক্রুকে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।
সিভিল প্রোটেকশন মন্ত্রণালয় জানিয়েছে, বেঁচে যাওয়া ব্রিটিশ পাইলট ও গ্রিক লিয়াজোঁ কর্মকর্তাকে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ২৪ ঘণ্টা হাসপাতালে পর্যবেক্ষণে রাখা হয়েছে। দুর্ঘটনার পর তারাই উদ্ধারকারী দলকে ঘটনাস্থলের সুনির্দিষ্ট অবস্থান জানাতে সহায়তা করেন।
ঘটনার পর নিরাপত্তাজনিত কারণে সারা দেশে ‘বেল’ মডেলের সব হেলিকপ্টারের উড্ডয়ন সাময়িকভাবে স্থগিত করেছে গ্রিসের সিভিল প্রোটেকশন মন্ত্রণালয়। একই সঙ্গে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে।
গ্রিসের প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিতসোটাকিস নিহতদের প্রতি গভীর শোক প্রকাশ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান এবং দাবানল মোকাবিলায় তাদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানান।
ম্যাকডারমট এভিয়েশনের প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট জন ম্যাকডারমটও এক বিবৃতিতে নিহতদের পরিবার, বন্ধু ও সহকর্মীদের প্রতি সমবেদনা জানিয়ে দুর্ঘটনার তদন্তে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
দুর্ঘটনার পরও গ্রিসে দাবানল নিয়ন্ত্রণের অভিযান থেমে নেই। এরিকসন এয়ার-ক্রেন, চিনুক হেলিকপ্টার এবং কানাডেয়ার ওয়াটার-বম্বিং বিমান আগুন নিয়ন্ত্রণে কাজ চালিয়ে যাচ্ছে।
এদিকে, টানা তাপপ্রবাহের কারণে শুধু গ্রিস নয়, ফ্রান্স ও স্পেনেও ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে। মাদ্রিদ ও বোর্দোর কাছাকাছি বড় দুটি অগ্নিকাণ্ড অনেকটাই নিয়ন্ত্রণে এলেও এখনো পুরোপুরি নিভে যায়নি। নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া প্রায় তিন লাখ মানুষ ধীরে ধীরে নিজ বাড়িতে ফিরতে শুরু করেছেন।
বিশেষজ্ঞদের মতে, অধিকাংশ দাবানলের সূচনা মানুষের অসাবধানতা বা ইচ্ছাকৃত কর্মকাণ্ড থেকে হলেও জলবায়ু পরিবর্তনের কারণে তীব্র তাপপ্রবাহ ও শুষ্ক আবহাওয়া এসব আগুনকে আরও দ্রুত ছড়িয়ে দিচ্ছে এবং নিয়ন্ত্রণ করাও কঠিন হয়ে উঠছে।

































