সুনামগঞ্জে নৌকাডুবি, নিখোঁজ ৪; উদ্ধার ১ জনের মরদেহ
- সর্বশেষ আপডেট ০১:৪১:৪৯ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬
- / 26
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় ধর্মীয় অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে একটি ডিঙ্গি নৌকা ডুবে চারজন নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজদের উদ্ধারে ফায়ার সার্ভিসের অভিযান চলছে।
শনিবার (১ আগস্ট) সকাল থেকে উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিসের সদস্যরা।
নিখোঁজরা হলেন ভবানীপুর এলাকার অরুণ দেবনাথ (৪৫), অধির (৫০), হেমেন্দ্র দেবনাথ (৫৫) ও সতীন্দ্র দেবনাথ।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, শুক্রবার (৩১ জুলাই) রাত প্রায় ৩টার দিকে উপজেলার মইয়ার হাওরের পৌর এলাকার ভবানীপুর-বৈধাখালী এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
জানা যায়, মইয়ার হাওরের বালুচল এলাকায় একটি বাড়িতে হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় অনুষ্ঠানে অংশ নিয়ে ডিঙ্গি নৌকায় করে নিজ বাড়িতে ফিরছিলেন ভবানীপুর এলাকার কয়েকজন বাসিন্দা। পথে বৈধাখালী এলাকায় পৌঁছালে নৌকাটি ডুবে যায়। এ সময় নৌকায় থাকা কয়েকজন সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও চারজন নিখোঁজ হন।
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমীন বলেন, দুর্ঘটনার পর একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বাকি নিখোঁজদের উদ্ধারে ফায়ার সার্ভিসের সদস্যরা অভিযান চালিয়ে যাচ্ছেন।
জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসলাম উদ্দিন বলেন, নিখোঁজদের উদ্ধারে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের একটি দল কাজ করছে। উদ্ধার অভিযান শেষ না হওয়া পর্যন্ত তল্লাশি অব্যাহত থাকবে।

























