সিলেটে সারজিস আলম
‘বিএনপির আচরণ ব্রেইনলেস আওয়ামী লীগের মতো’

- সর্বশেষ আপডেট ০৮:০৫:২৯ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
- / 194
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম অভিযোগ করেছেন, এনসিপির রাজনৈতিক কর্মসূচিতে বাধা দেওয়ার ক্ষেত্রে বিএনপির আচরণ আওয়ামী লীগের মতো হয়ে গেছে। তার ভাষায়, ‘বর্তমানে বিএনপি আমাদের যেভাবে বাধা দেওয়ার, প্রতিরোধ করার বা গলা টিপে ধরার চেষ্টা করছে, সেটা হুবহু ব্রেইনলেস আওয়ামী লীগের মতো আচরণ।’
শুক্রবার (৩১ জুলাই) দুপুরে সিলেট সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। হবিগঞ্জে এনসিপির নেতাকর্মীদের ওপর হামলা এবং পরে দলটির কয়েকজন শীর্ষ নেতার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়েরের বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।
সারজিস আলম বলেন, এনসিপির নেতাদের বিরুদ্ধে ছিনতাইয়ের অভিযোগ আনা হয়েছে বলে তারা জানতে পেরেছেন। এ প্রসঙ্গে তিনি দাবি করেন, ‘ছিনতাই যদি কিছু হয়ে থাকে, তাহলে সেটি বিএনপির নিজের মান-সম্মান। নিজেদের কর্মকাণ্ডের মাধ্যমে তারা সেটিই হারিয়েছে।’
তিনি আরও বলেন, ছাত্রদের সঙ্গে এমন আচরণের মাধ্যমে বিএনপি সাধারণ মানুষের কাছে নিজেদের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে। তার দাবি, এসব কর্মকাণ্ড দলটির রাজনৈতিক ও বুদ্ধিবৃত্তিক দেউলিয়াত্বের বহিঃপ্রকাশ।
থানায় দায়ের হওয়া অভিযোগ প্রসঙ্গে সারজিস আলম বলেন, মামলাটি গ্রহণের সময় দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাও হয়তো বিব্রত ছিলেন। যদিও এ বিষয়ে তিনি কোনো প্রমাণ উপস্থাপন করেননি।
উল্লেখ্য, হবিগঞ্জে এনসিপির কর্মসূচিকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় নাসীরুদ্দীন পাটওয়ারী, সারজিস আলমসহ ১০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতপরিচয় আরও ৫০ জনকে আসামি করে থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
































