মন্ত্রী-এমপিদের আচরণে মার্জিত থাকতে প্রধানমন্ত্রীর নির্দেশ

- সর্বশেষ আপডেট ০৩:৫০:৪১ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬
- / 352
মন্ত্রী ও সংসদ সদস্যদের আচরণ, বক্তব্য ও চলাফেরায় মার্জিত ও সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন বিএনপির চেয়ারম্যান, সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার (১১ মার্চ) সকালে জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত বিএনপির সংসদীয় দলের প্রথম বৈঠকে তিনি এ নির্দেশনা দেন।
সভায় উপস্থিত একাধিক সংসদ সদস্য জানান, গণমাধ্যমের সঙ্গে কথা বলার ক্ষেত্রেও মন্ত্রী ও এমপিদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে যার যে দায়িত্ব, তার বাইরে যেন কেউ মন্তব্য না করেন—এ বিষয়টি গুরুত্ব দিয়ে তুলে ধরেন তিনি।
বেলা সোয়া ১১টায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সভা শুরু হয়ে দুপুর ১টায় শেষ হয়। বৈঠকে সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি স্বাগত বক্তব্য দেন। পরে বক্তব্য রাখেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সভায় বিএনপির ২০৯ জন সংসদ সদস্য অংশ নেন।
সভাপতির বক্তব্যে প্রধানমন্ত্রী দলের জনকল্যাণমুখী বিভিন্ন কর্মসূচি এবং আগামী দিনের করণীয় বিষয়ে মন্ত্রী ও সংসদ সদস্যদের দিকনির্দেশনা দেন।
এ সময় বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির কথাও উল্লেখ করেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, এ কর্মসূচি নিয়ে নানা আলোচনা হলেও ভোটের পরপরই তা বাস্তবায়নের কাজ শুরু হয়েছে।
তিনি জানান, দ্রুত সময়ের মধ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচির পাশাপাশি সারা দেশে খাল খনন কার্যক্রম শুরু করা হবে। একই সঙ্গে সামনে ডেঙ্গুর মৌসুমকে ঘিরে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করতে সংশ্লিষ্টদের সতর্ক থাকার আহ্বান জানান।
জুলাই জাতীয় সনদের প্রসঙ্গ তুলে প্রধানমন্ত্রী বলেন, সনদের কিছু বিষয়ে বিভিন্ন পক্ষের ভিন্নমত থাকলেও বাস্তবায়নযোগ্য বিষয়গুলো সরকার পর্যায়ক্রমে বাস্তবায়নের উদ্যোগ নেবে।

































