৬৬ কোটি ডলার উধাও, ঋণের ফাঁদে কেয়া

- সর্বশেষ আপডেট ০১:৫৪:০০ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬
- / 214
রপ্তানি করা পণ্যের দাম দেশে ফেরার কথা। বৈদেশিক মুদ্রা জমা হওয়ার কথা প্রতিষ্ঠানের নির্দিষ্ট ফরেন কারেন্সি বা এফসি অ্যাকাউন্টে। সেই অর্থ দিয়ে আমদানির দায় পরিশোধ, উৎপাদন সচল রাখা এবং ব্যবসার চাকা ঘোরানোর কথা। কিন্তু অভিযোগ উঠেছে, কেয়া কসমেটিকস লিমিটেডের ক্ষেত্রে ঘটেছে উল্টো ঘটনা।
রপ্তানি আয় দেশে এসেছে- বাংলাদেশ ব্যাংকের ড্যাশবোর্ডে এমন তথ্য রয়েছে। সংশ্লিষ্ট ব্যাংকগুলো রপ্তানি আয়ের অর্থ দেশে আসার প্রমাণপত্রও দিয়েছে। অথচ কোম্পানির দাবি, সেই বিপুল অঙ্কের ডলার তাদের এফসি অ্যাকাউন্টে কখনো জমা হয়নি।
আর সবচেয়ে বিস্ময়কর বিষয়- যে অর্থ পাওয়ার কথা ছিল, সেটিই পরে কোম্পানির ঘাড়ে ঋণের বোঝা হয়ে চেপেছে। এখন চারটি ব্যাংক কেয়া কসমেটিকসের কাছে খেলাপি ঋণ হিসেবে প্রায় ২ হাজার ৭০০ কোটি টাকা দাবি করছে।
অন্যদিকে কোম্পানির দাবি, চার ব্যাংকের মাধ্যমে আসা প্রায় ৬৬ কোটি মার্কিন ডলার বা প্রায় ৮ হাজার ৫২ কোটি টাকার রপ্তানি আয় তাদের হিসাবে জমা হয়নি। অর্থাৎ একদিকে ব্যাংকের খাতায় কেয়া কসমেটিকস ঋণখেলাপি, অন্যদিকে কোম্পানির অভিযোগ- তাদের পাওনা কয়েক হাজার কোটি টাকার বৈদেশিক মুদ্রাই উধাও।
এই বিপুল অঙ্কের গরমিল এখন দেশের আর্থিক খাতের সবচেয়ে আলোচিত রহস্যগুলোর একটিতে পরিণত হয়েছে।
কেয়া কসমেটিকসকে ঘিরে অনুসন্ধানে সবচেয়ে বড় প্রশ্ন উঠেছে একই লেনদেনের তিন ধরনের হিসাব নিয়ে।
বাংলাদেশ ব্যাংকের ড্যাশবোর্ডে দেখা যাচ্ছে, প্রায় ৬৬ কোটি মার্কিন ডলারের রপ্তানি আয় দেশে এসেছে এবং তা ‘রিয়ালাইজড’ বা আদায় হয়েছে।
কিন্তু সংশ্লিষ্ট চার ব্যাংকের হিসাব বলছে ভিন্ন কথা। ব্যাংকগুলোর খাতায় রপ্তানি আয়ের অর্থ কোম্পানির অ্যাকাউন্টে জমা হয়নি। বরং বিভিন্ন পর্যায়ে গ্রাহকের নামে ‘ফোর্সড লোন’ বা অনিচ্ছাকৃত ঋণ সৃষ্টি হয়েছে। পরে সেই দায় দীর্ঘমেয়াদি ঋণে রূপান্তর করা হয়েছে বলে অভিযোগ।
আবার কেয়া কসমেটিকসের আর্থিক বিবরণীতে দাবি করা হয়েছে, একই অর্থ দুইবার কেটে নেওয়া বা ‘ডাবল ডেবিটিং’-এর কারণে প্রতিষ্ঠানটিকে কৃত্রিমভাবে খেলাপি অবস্থায় ঠেলে দেওয়া হয়েছে।
ফলে একই অর্থ নিয়ে তিন জায়গায় তিন ধরনের হিসাব- কেন্দ্রীয় ব্যাংকের তথ্যভান্ডারে রপ্তানি আয়, ব্যাংকের খাতায় ঋণ এবং কোম্পানির হিসাবে পাওনা অর্থ।
এই বিশাল অসংগতিকেই আর্থিক খাতের কয়েকজন বিশ্লেষক ‘পদ্ধতিগত ব্যাংকিং জালিয়াতি’ হিসেবে দেখছেন।
কেয়া কসমেটিকসের অভিযোগ অনুযায়ী, চারটি ব্যাংকের মাধ্যমে ব্যাক-টু-ব্যাক এলসির বিপরীতে রপ্তানি আয় দেশে আসে। ব্যাংকভিত্তিক হিসাব হলো- সাউথইস্ট ব্যাংকের মাধ্যমে আসে ৩৯ কোটি ৪৬ লাখ মার্কিন ডলার। পূবালী ব্যাংকের মাধ্যমে ২০ কোটি ১৯ লাখ ডলার। ন্যাশনাল ব্যাংকের মাধ্যমে ৫ কোটি ৮৫ লাখ ডলার এবং স্ট্যান্ডার্ড ব্যাংকের মাধ্যমে ৬৫ লাখ ডলার। সব মিলিয়ে অঙ্কটি প্রায় ৬৬ কোটি মার্কিন ডলার।
অভিযোগের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো, সংশ্লিষ্ট ব্যাংকগুলো কেয়া কসমেটিকসকে রপ্তানি আয়ের অর্থ দেশে আসার প্রমাণপত্র বা ‘প্রসিড রিয়ালাইজেশন সার্টিফিকেট’- পিআরসি- ইস্যু করেছিল।
প্রশ্ন উঠছে, রপ্তানি আয় দেশে আসার প্রমাণপত্র দেওয়া হলো, বাংলাদেশ ব্যাংকের সিস্টেমেও অর্থ আদায়ের তথ্য দেখা গেল- তাহলে সেই অর্থ কোম্পানির এফসি অ্যাকাউন্টে গেল কোথায়? এখন পর্যন্ত এই প্রশ্নের কোনো স্পষ্ট উত্তর পাওয়া যায়নি।
কেয়া গ্রুপের অভিযোগ অনুযায়ী, পুরো প্রক্রিয়াটি বোঝার জন্য একটি উদাহরণ ধরা যেতে পারে। ধরা যাক, কোনো প্রতিষ্ঠান ১ হাজার মিলিয়ন ডলারের পণ্য রপ্তানি করেছে। ব্যাংক আগে থেকেই বিভিন্ন দায় সমন্বয়ের জন্য নস্ট্রো অ্যাকাউন্ট থেকে ৪০০ মিলিয়ন ডলার কেটে নিল। নিয়ম অনুযায়ী, বাকি ৬০০ মিলিয়ন ডলার প্রতিষ্ঠানের এফসি অ্যাকাউন্টে জমা হওয়ার কথা।
কিন্তু অভিযোগ হলো, ওই অবশিষ্ট অর্থ থেকে আবারও ৪০০ মিলিয়ন ডলার কেটে নেওয়া হয়েছে। অর্থাৎ একই দায়ের বিপরীতে দুই দফায় অর্থ কেটে নেওয়ার কারণে প্রতিষ্ঠানের হাতে প্রয়োজনীয় বৈদেশিক মুদ্রা থাকেনি। ফলে আমদানির বিল পরিশোধ করা সম্ভব হয়নি। এরপর বকেয়া দায়কে ‘ফোর্সড লোন’ হিসেবে দেখিয়ে নতুন ঋণ সৃষ্টি করা হয়।
কেয়া গ্রুপের দাবি, এভাবেই কয়েক ধাপে তাদের ঋণের বোঝা বাড়তে বাড়তে প্রায় ২ হাজার ৭০০ কোটি টাকায় পৌঁছেছে। তবে ব্যাংকগুলোর পক্ষ থেকে এই অভিযোগের বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা এখনো প্রকাশ্যে আসেনি।
অভিযোগের পর বিষয়টি নিয়ে মাঠে নেমেছে দেশের আর্থিক খাতের চার শীর্ষ নিয়ন্ত্রক সংস্থা- বাংলাদেশ ব্যাংক, দুর্নীতি দমন কমিশন বা দুদক, ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল বা এফআরসি এবং বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বা বিএসইসি।
দুদক খতিয়ে দেখছে, পুরো প্রক্রিয়ায় ব্যাংকিং জালিয়াতি, আর্থিক অনিয়ম বা অর্থ পাচারের কোনো উপাদান রয়েছে কি না। এ জন্য বাংলাদেশ ব্যাংক ও সংশ্লিষ্ট ব্যাংকের কাছে গুরুত্বপূর্ণ নথিপত্র চাওয়া হয়েছে।
বাংলাদেশ ব্যাংক যাচাই করছে, বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইন ও ব্যাংকিং বিধিমালা অনুসরণ করে রপ্তানি আয় প্রক্রিয়াকরণ করা হয়েছিল কি না। কোনো অনিয়ম বা বিধি লঙ্ঘনের প্রমাণ মিললে দায় নির্ধারণ এবং ব্যবস্থা নেওয়ার বিষয়টিও আলোচনায় রয়েছে।
এফআরসি বিশ্লেষণ করছে তিনটি ভিন্ন হিসাবের মধ্যে এত বড় ব্যবধান কেন। কেন্দ্রীয় ব্যাংকের ড্যাশবোর্ড, ব্যাংকের ঋণ হিসাব এবং কোম্পানির আর্থিক বিবরণীর তথ্য মিলিয়ে প্রকৃত অবস্থান নির্ধারণের চেষ্টা চলছে।
অন্যদিকে শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি হওয়ায় বিএসইসি বিশেষ নিরীক্ষার উদ্যোগ নিয়েছে। কমিশনের তালিকাভুক্ত অডিট ফার্ম ‘পিকেএফ আজিজ হালিম কবির চৌধুরী’ কেয়া কসমেটিকসের আর্থিক প্রতিবেদন ও সংশ্লিষ্ট লেনদেনের গভীর নিরীক্ষা করছে।
প্রাথমিকভাবে সংশ্লিষ্টদের ধারণা, ২০০৩ থেকে ২০২৩ সাল পর্যন্ত প্রায় ২০ বছরে বিভিন্ন সময়ে এই অনিয়ম ঘটতে পারে। কেয়া গ্রুপের অভিযোগ, সংশ্লিষ্ট ব্যাংকগুলোর কিছু অসাধু কর্মকর্তার যোগসাজশে পুরো প্রক্রিয়াটি সংঘটিত হয়েছে। তবে তদন্ত শেষ হওয়ার আগে এসব অভিযোগের সত্যতা নিশ্চিতভাবে বলা সম্ভব নয়।
অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর প্রথম দফায় কেয়া গ্রুপ অর্থ মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংকের কাছে বিষয়টি তুলে ধরেছিল। প্রতিষ্ঠানটির এক ঊর্ধ্বতন কর্মকর্তার ভাষ্য, প্রথম দফার আবেদনে সরকারের পক্ষ থেকে কোনো দৃশ্যমান অগ্রগতি না হওয়ায় নতুন করে অর্থ উপদেষ্টা, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, বিএসইসি ও এফআরসিকে চিঠি দেওয়া হয়েছে।
অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুরকে পাঠানো চিঠিতে কেয়া গ্রুপ বলেছে, রপ্তানি আয়ের ডলার এফসি অ্যাকাউন্টে জমা না হওয়ায় প্রতিষ্ঠানটি বড় ধরনের আর্থিক সংকটে পড়েছে।
কেয়া গ্রুপের দাবি, সংকট দীর্ঘায়িত হলে প্রতিষ্ঠানটির প্রায় ১৫ হাজার শ্রমিক ও কর্মী বেকার হওয়ার ঝুঁকিতে পড়তে পারেন। তাঁদের মধ্যে প্রায় ১ হাজার প্রতিবন্ধী কর্মীও রয়েছেন।
প্রতিষ্ঠানটির ভাষ্য, ব্যাংকগুলো সব ধরনের আমদানি-রপ্তানি সুবিধা বন্ধ করে দেওয়ায় উৎপাদন ও ব্যবসায়িক কার্যক্রম আরও সংকুচিত হয়েছে। যদিও ব্যাংকগুলোর কাছে পর্যাপ্ত বন্ধক রয়েছে বলেও দাবি করেছে কোম্পানিটি।
কেয়া গ্রুপ আরও বলেছে, ব্যাংকিং সুবিধা বন্ধ থাকায় রপ্তানি কার্যক্রম ব্যাহত হচ্ছে এবং প্রতি মাসে গড়ে প্রায় ১ কোটি মার্কিন ডলারের ক্ষতি হচ্ছে। এর ফলে শুধু প্রতিষ্ঠান নয়, দেশও সম্ভাব্য বৈদেশিক মুদ্রা আয় থেকে বঞ্চিত হচ্ছে।
এ ঘটনায় প্রায় ৫০ হাজার শেয়ারহোল্ডারের বিনিয়োগও ঝুঁকিতে পড়তে পারে বলে বিএসইসি ও এফআরসিকে জানানো হয়েছে।



































