হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
- সর্বশেষ আপডেট ০৫:২০:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
- / 13
দেশে হামের সংক্রমণ ও উপসর্গজনিত অসুস্থতা উদ্বেগজনক অবস্থায় রয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৮ জনের শরীরে হাম ও এ-সংক্রান্ত উপসর্গ শনাক্ত হয়েছে।
মঙ্গলবার (২১ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত নিয়মিত হাম পরিস্থিতি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়েছে, গত এক দিনে হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু হলেও নিশ্চিতভাবে হাম আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যুর তথ্য পাওয়া যায়নি। তবে দীর্ঘ সময় ধরে চলা এই সংক্রমণে শিশুদের মৃত্যু ও আক্রান্তের সংখ্যা বাড়ছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৭০২ শিশু। এ ছাড়া নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছে আরও ৯৫ শিশু। সব মিলিয়ে হাম ও এর উপসর্গে এ পর্যন্ত মোট ৭৯৭ শিশুর মৃত্যু হয়েছে।
গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৩০ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে। একই সময়ে হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে আরও ৮৭৮ জন। এ সময়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ২১৮ রোগী এবং চিকিৎসা শেষে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছে ৮৭৯ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান বলছে, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ১৯ হাজার ৪৪৮ জনে। এর মধ্যে পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে ১৪ হাজার ৭০৮ জন। এই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ২ হাজার ২৪৪ রোগী, যাদের মধ্যে ৯৮ হাজার ৪১১ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।
































