ডেঙ্গুতে আরও ২৭১ জন হাসপাতালে
- সর্বশেষ আপডেট ০৬:২৮:৩১ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬
- / 33
দেশে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় ভাইরাসটিতে আক্রান্ত হয়ে আরও ২৭১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এ সময়ে নতুন কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি।
রোববার (৫ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুমের ডেঙ্গুবিষয়ক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে বরিশাল ও খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) সর্বোচ্চ ৬৩ জন করে রয়েছেন। এছাড়া ঢাকা বিভাগের (সিটি করপোরেশনের বাইরে) ৪৫ জন, চট্টগ্রাম বিভাগের ৩০ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ২৭ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৩০ জন, ময়মনসিংহ বিভাগে সাতজন, রাজশাহী বিভাগে চারজন এবং সিলেট বিভাগে দুজন ভর্তি হয়েছেন।
গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ২৭৪ জন। এ নিয়ে চলতি বছরে মোট ৬ হাজার ৪০৪ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৮৭১ জন। আক্রান্তদের মধ্যে ৬১ দশমিক ৬ শতাংশ পুরুষ এবং ৩৮ দশমিক ৪ শতাংশ নারী।
এ বছর ডেঙ্গুতে এখন পর্যন্ত ১৯ জনের মৃত্যু হয়েছে।
তুলনামূলক হিসাবে, ২০২৫ সালে দেশে ডেঙ্গু আক্রান্ত হয়েছিলেন ১ লাখ ২ হাজার ৮৬১ জন এবং মারা যান ৪১৩ জন। এর আগের বছর ২০২৪ সালে আক্রান্তের সংখ্যা ছিল ১ লাখ ১ হাজার ২১৪ জন, আর মৃত্যু হয়েছিল ৫৭৫ জনের।



































