তেলিয়াপাড়া সীমান্তে বিএসএফকে প্রতিহত করল বিজিবি

- সর্বশেষ আপডেট ০২:৫৭:০১ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬
- / 170
হবিগঞ্জের মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া সীমান্ত দিয়ে ভারতীয় নাগরিকদের বাংলাদেশে পুশইনের চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বিজিবির তাৎক্ষণিক তৎপরতায় ওই চেষ্টা ব্যর্থ হয়।
শুক্রবার (২৬ জুন) দিবাগত রাত ৩টার দিকে হবিগঞ্জ বিজিবি ব্যাটালিয়নের অধীন ১৯৮২ নম্বর মেইন পিলারের ১১-এস সাব-পিলার সংলগ্ন তেলিয়াপাড়া বিওপির সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।
বিজিবি সূত্র জানায়, রাতের অন্ধকারে সীমান্তের নিরাপত্তা বাতি (সিকিউরিটি লাইট) বন্ধ করে অজ্ঞাতসংখ্যক ভারতীয় নাগরিককে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করে বিএসএফ। খবর পেয়ে বিজিবির টহলদল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে জিরো লাইনে অবস্থান নেয়।
এ সময় স্থানীয় গ্রামবাসী ও তেলিয়াপাড়া চা-বাগানের শ্রমিকরাও সীমান্ত এলাকায় জড়ো হয়ে বিজিবিকে সহযোগিতা করেন। বিজিবির অবস্থানের মুখে একপর্যায়ে জিরো লাইনে থাকা ভারতীয় নাগরিকদের পুনরায় ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নেয় বিএসএফ।
৫৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজিলুর রহমান বলেন, ‘তেলিয়াপাড়া সীমান্তে বিএসএফের পুশইনের প্রচেষ্টা প্রতিহত করা হয়েছে। স্থানীয় জনগণের সহযোগিতা আমাদের কার্যক্রমকে আরও কার্যকর করেছে। সীমান্তে কোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ বা পুশইনের অপচেষ্টা কখনোই সফল হতে দেওয়া হবে না।’
তিনি আরও বলেন, বর্তমানে তেলিয়াপাড়া সীমান্তের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে যেকোনো ধরনের অনুপ্রবেশ ঠেকাতে ৫৫ বিজিবি সর্বোচ্চ সতর্কতা ও নজরদারি অব্যাহত রেখেছে।































