শাহজালাল বিমানবন্দরে ইউএস-বাংলার বিমানে যান্ত্রিক ত্রুটি
- সর্বশেষ আপডেট ১১:৩৫:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬
- / 170
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চট্টগ্রামগামী একটি যাত্রীবাহী উড়োজাহাজে উড্ডয়নের প্রস্তুতির সময় আকস্মিক যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে। ইঞ্জিনে সমস্যা দেখা দিলে রানওয়ে থেকেই তাৎক্ষণিকভাবে উড়োজাহাজটি থামিয়ে দেওয়া হয় এবং ভেতরে থাকা যাত্রীদের সম্পূর্ণ নিরাপদে সরিয়ে নেওয়া হয়। আজ বুধবার (২৪ জুন) সকালে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে এই ঘটনা ঘটে।
বিমানবন্দর সূত্র জানায়, ইউএস-বাংলা এয়ারলাইন্সের চট্টগ্রামগামী ফ্লাইটটি সকাল ৭টায় ঢাকা ছেড়ে যাওয়ার কথা ছিল। বিমানটি উড্ডয়নের উদ্দেশ্যে রানওয়ের দিকে যাওয়ার সময় হঠাৎ ককপিটের পর্যবেক্ষণ ব্যবস্থায় একটি অগ্নি-সতর্ক সংকেত (ফায়ার ওয়ার্নিং অ্যালার্ম) জ্বলে ওঠে। পাইলট অত্যন্ত বুদ্ধিমত্তার সঙ্গে সঙ্গে উড়োজাহাজটি থামিয়ে দেন এবং এভিয়েশন নিরাপত্তা বিধি মেনে নিয়ন্ত্রণ কক্ষকে (এটিসি) বিষয়টি অবহিত করেন। জরুরি পরিস্থিতি বিবেচনায় উড়োজাহাজে থাকা মোট ৭০ জন যাত্রীকে দ্রুত ও নিরাপদ প্রক্রিয়ায় বের করে আনা হয়। ইঞ্জিনে ত্রুটি ও সতর্ক সংকেতের বিষয়টি জানাজানি হলে যাত্রীদের মধ্যে সাময়িক আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং অনেকেই নিজেদের মালামাল নিয়ে দ্রুত নামার চেষ্টা করেন।
ইউএস-বাংলা এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক কামরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে সংবাদমাধ্যমকে জানান যে উড্ডয়নের আগেই ককপিটের ড্যাশবোর্ডে সতর্ক সংকেত দেখে পাইলট ব্যবস্থা নেওয়ায় একটি বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দ্রুত বিকল্প ব্যবস্থা গ্রহণ করা হয়। পরবর্তীতে কারিগরি টিম দ্বারা সব ধরনের নিরাপত্তা পরীক্ষা সম্পন্ন করে এক ঘণ্টা বিলম্বে, অর্থাৎ সকাল ৮টার দিকে ফ্লাইটটি চট্টগ্রামের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করে। বিমানবন্দর কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে এই ঘটনায় কোনো ধরনের হতাহত বা ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি।


































