রিয়াদে বিমানের ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত
- সর্বশেষ আপডেট ০৯:০১:২১ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
- / 12
সৌদি আরবের বিমানবন্দরে হামলার পরিপ্রেক্ষিতে রিয়াদগামী সব ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। তবে প্রয়োজনীয় অনুমতি পাওয়া গেলে আগামী ২১ অক্টোবর থেকে দাম্মাম রুটে পুনরায় ফ্লাইট চালুর পরিকল্পনা রয়েছে সংস্থাটির। অন্যদিকে জেদ্দা ও মদিনা রুটে ফ্লাইট চলাচল অব্যাহত থাকবে।
শনিবার (১৭ অক্টোবর) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ শাখার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রিয়াদ বিমানবন্দর কর্তৃপক্ষের পরবর্তী নির্দেশনার ওপর নির্ভর করছে ওই রুটে ফ্লাইট পুনরায় চালুর সিদ্ধান্ত। এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হলে যাত্রীদের জানিয়ে দেওয়া হবে।
এদিকে দাম্মাম বিমানবন্দরের প্রয়োজনীয় অনুমতি পাওয়া সাপেক্ষে ২১ অক্টোবর থেকে ওই রুটে ফ্লাইট পরিচালনা করতে চায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। যাত্রীদের সৌদি আরবে যাতায়াতের বিকল্প হিসেবে জেদ্দা ও মদিনা আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহারের পরামর্শ দিয়েছে সংস্থাটি।
যাত্রীদের অতিরিক্ত চাপ সামাল দিতে মদিনা রুটে বেশি যাত্রী ধারণক্ষমতার উড়োজাহাজ ব্যবহার করা হচ্ছে। এ ব্যবস্থা ১৮ অক্টোবর পর্যন্ত কার্যকর থাকবে। ১৯ অক্টোবর থেকে এ রুটে আবার নিয়মিত বোয়িং ৭৮৭ উড়োজাহাজ চলাচল করবে। এ ছাড়া যাত্রীদের বাড়তি চাহিদা বিবেচনায় জেদ্দা রুটে অতিরিক্ত ফ্লাইট পরিচালনার উদ্যোগ নেওয়া হয়েছে।
ফ্লাইট পরিচালনা ও সময়সূচির সর্বশেষ তথ্য জানতে এবং টিকিট কেনা বা বুকিংয়ের প্রয়োজনে যাত্রীদের নিকটস্থ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিক্রয়কেন্দ্রে যোগাযোগ করতে বলা হয়েছে।
এদিকে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) তথ্য অনুযায়ী, শনিবার পর্যন্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সসহ সৌদিগামী দেশি-বিদেশি বিভিন্ন এয়ারলাইন্সের মোট ১১৪টি ফ্লাইট বাতিল হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন ১৭ হাজার ৭০১ জন যাত্রী।
বাতিল হওয়া সরাসরি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১৮টি, সৌদিয়া এয়ারলাইন্সের ১২টি, ইউএস-বাংলা এয়ারলাইন্সের ১০টি এবং রিয়াদ এয়ারওয়েজের ১০টি রয়েছে।
অন্যদিকে ট্রানজিট ফ্লাইটের মধ্যে ইন্ডিগোর ২২টি, এমিরেটসের ১৪টি, কাতার এয়ারওয়েজের ৯টি, সালাম এয়ারের সাতটি, ফ্লাইদুবাইয়ের ছয়টি, এয়ার ইন্ডিয়ার পাঁচটি এবং ইজিপ্ট এয়ারের একটি ফ্লাইট চলাচল ব্যাহত হয়েছে।
বেবিচক সূত্র জানায়, হুতিদের হামলার পর সৌদি আরবের বিমানবন্দরগুলোতে আরোপিত বিধিনিষেধের কারণে এসব ফ্লাইট বাতিল হয়েছে। বাতিল হওয়া ফ্লাইটের মধ্যে সরাসরি ফ্লাইট ৫০টি এবং ট্রানজিট ফ্লাইট ৬৪টি।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সহকারী পরিচালক (জনসংযোগ) মুহাম্মাদ কাউছার মাহমুদ এ তথ্য নিশ্চিত করেছেন।

































