পূর্বাচলের ৩০০ ফুট সড়কে প্রাণ গেল তিন বন্ধুর
- সর্বশেষ আপডেট ০২:২৬:২৩ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
- / 14
নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্বাচলের ৩০০ ফুট সড়কে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিন বন্ধু নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাত ৯টার দিকে উপজেলার সুলপিনা ভুঁইয়াবাড়ি ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রথমে দুজন ঘটনাস্থলেই নিহত হন। গুরুতর আহত অপর বন্ধু শুক্রবার (২৩ অক্টোবর) বেলা ১১টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
নিহতরা হলেন রূপগঞ্জ ইউনিয়নের আলমপুর দীঘিরপাড় গ্রামের আক্তার মিয়ার ছেলে রুদ্র মিয়া (১৬) এবং দক্ষিণবাগ বেইলারটেক গ্রামের কামাল হোসেনের ছেলে ইয়ামিন (১৫)। রুদ্র আব্দুল হক ভুঁইয়া ইন্টারন্যাশনাল স্কুলের দশম শ্রেণির ছাত্র ছিল। ইয়ামিন পড়ত বাঘবেড় আইডিয়াল হাইস্কুলের নবম শ্রেণিতে।
নিহত অপর বন্ধু শ্রাবণ মিয়া (১৯) রাজধানীর বাড্ডা এলাকার বাসিন্দা জিল্লুর রহমানের ছেলে। এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তিনি রাজধানীর একটি কলেজে একাদশ শ্রেণিতে পড়ছিলেন। রূপগঞ্জের বাঘবেড় সিডি মার্কেট এলাকায় ফুফুর বাড়িতে বেড়াতে এসেছিলেন তিনি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে তিন বন্ধু একটি নিবন্ধনহীন মোটরসাইকেলে পূর্বাচল এলাকায় ঘুরতে বের হন। একপর্যায়ে তাঁরা ভুঁইয়াবাড়ি ব্রিজের পশ্চিম পাশে সার্ভিস লেন দিয়ে উল্টো পথে যাওয়ার সময় কাঞ্চনগামী একটি অজ্ঞাতনামা ট্রাকের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই রুদ্র ও ইয়ামিনের মৃত্যু হয়।
দুর্ঘটনায় গুরুতর আহত শ্রাবণকে উদ্ধার করে আশিয়ান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার বেলা ১১টার দিকে তাঁর মৃত্যু হয়।
কাঞ্চন হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) মাহমুদুর রহমান জানান, নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনার পর ট্রাকটি পালিয়ে গেছে।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন জানান, দুর্ঘটনায় জড়িত ট্রাক ও এর চালককে শনাক্ত করে আটকের চেষ্টা চলছে।




























