প্রতিরক্ষা বাজেট বাড়ানোর দাবি এনসিপি এমপির
- সর্বশেষ আপডেট ১১:০০:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
- / 9
জাতীয় সংসদে প্রস্তাবিত বাজেটকে ঘাটতিপূর্ণ ও অনিয়ন্ত্রিত ব্যয়ের উদাহরণ হিসেবে আখ্যা দিয়ে প্রতিরক্ষা খাতে বরাদ্দ বাড়ানোর জোর দাবি জানিয়েছেন এনসিপির সংসদ সদস্য আতিকুর রহমান মুজাহিদ।
তার মতে, রাষ্ট্রের নিরাপত্তা নিশ্চিত করতে হলে বাজেট কাঠামোয় কঠোর পুনর্বিন্যাস প্রয়োজন, প্রয়োজনে ব্যক্তিগত ভোগের চাপ কমিয়েও।
বৃহস্পতিবার (১৮ জুন) সংসদে ২০২৬–২৭ অর্থবছরের বাজেট নিয়ে সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি বলেন, প্রতিরক্ষা খাতে বর্তমান বরাদ্দ কাঠামো বাস্তব চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তার হিসাব অনুযায়ী বরাদ্দের বড় অংশই প্রশাসনিক খাতে ব্যয় হচ্ছে, ফলে আধুনিকায়নের জন্য অর্থের ঘাটতি থেকে যাচ্ছে।
তিনি সীমান্ত ও ভূরাজনৈতিক ঝুঁকির প্রসঙ্গ টেনে দেশের বিভিন্ন অঞ্চলে চলমান নিরাপত্তা উদ্বেগের কথা উল্লেখ করেন। পাশাপাশি পার্বত্য অঞ্চল ও মিয়ানমার সীমান্ত পরিস্থিতিকে তিনি বিশেষভাবে অস্থিতিশীল বলে মন্তব্য করেন। তার ভাষায়, নৌ ও আকাশ প্রতিরক্ষায় সক্ষমতা এখনো সীমিত পর্যায়ে রয়েছে, যা দীর্ঘমেয়াদে নিরাপত্তা ঝুঁকি তৈরি করতে পারে।
আলোচনার এক পর্যায়ে তিনি আবেগঘন মন্তব্যে বলেন, জাতীয় সার্বভৌমত্ব রক্ষায় জনগণকে যদি সাময়িক কষ্টও সহ্য করতে হয়, তবু প্রতিরক্ষা খাতে বিনিয়োগ বাড়ানো জরুরি।
এছাড়া বাজেটে খাতভিত্তিক স্বচ্ছতা না থাকার সমালোচনা করে তিনি নির্দিষ্ট বরাদ্দ কাঠামোর দাবি জানান এবং অতিরিক্ত থোক বরাদ্দ প্রতিরক্ষা খাতে পুনর্বিন্যাসের প্রস্তাব দেন।































