বৈরুত হামলা নিয়ে ট্রাম্পের সমালোচনা
- সর্বশেষ আপডেট ১০:৩১:৩৯ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬
- / 12
লেবাননের রাজধানী বৈরুতে সাম্প্রতিক ইসরাইলি হামলার কড়া সমালোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, এই হামলা কোনোভাবেই হওয়া উচিত হয়নি এবং এটি মধ্যপ্রাচ্যে চলমান শান্তি প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে পারে।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে ট্রাম্প বলেন, ইসরাইলের আত্মরক্ষার অধিকার থাকলেও যে ঘটনার জবাবে এই হামলা চালানো হয়েছে, সেটি ছিল ‘খুবই ছোট এবং অর্থহীন’। তিনি দাবি করেন, ওই ঘটনায় কেউ হতাহত হয়নি, তাই এমন পরিস্থিতিতে বড় ধরনের সামরিক পদক্ষেপ নেওয়া ঠিক হয়নি।
ট্রাম্পের ভাষ্য অনুযায়ী, মধ্যপ্রাচ্যে একটি গুরুত্বপূর্ণ শান্তি চুক্তি চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এই সময় নতুন সংঘাত সৃষ্টি হলে তা পুরো অঞ্চলের স্থিতিশীলতাকে ক্ষতিগ্রস্ত করতে পারে। তিনি আশাবাদ প্রকাশ করেন যে, সম্ভাব্য ওই চুক্তি লেবাননসহ পুরো মধ্যপ্রাচ্যে দীর্ঘমেয়াদি শান্তি বয়ে আনতে পারে।
মার্কিন প্রেসিডেন্ট ইসরাইলকে লেবাননে আর কোনো হামলা না চালানোর আহ্বান জানান। একই সঙ্গে হিজবুল্লাহসহ অন্য সব পক্ষকেও ইসরাইলের বিরুদ্ধে হামলা বন্ধ করার তাগিদ দেন। তিনি বলেন, এই ‘ঐতিহাসিক সুযোগ’ নষ্ট করা উচিত হবে না এবং সবাইকে সংযম দেখাতে হবে।


































