দেশে নিবন্ধিত সিম ৩২ কোটি ৮২ লাখ
- সর্বশেষ আপডেট ০৮:৪৪:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬
- / 15
দেশে বর্তমানে বৈধভাবে নিবন্ধিত মোবাইল সিমের সংখ্যা ৩২ কোটি ৮২ লাখ। একই সঙ্গে ডাক বিভাগের সেবা আধুনিক ও সহজ করতে নতুন উদ্যোগ নেওয়া হয়েছে বলে জাতীয় সংসদে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম।
মঙ্গলবার জাতীয় সংসদে এক লিখিত প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, দেশের চারটি মোবাইল অপারেটরের মাধ্যমে ৩২ কোটি ৮২ লাখ নিবন্ধিত সিম সেবা দেওয়া হচ্ছে।
ডাক বিভাগের সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে ফ্র্যাঞ্চাইজি পোস্ট অফিস ও পোস্ট পিকআপ পয়েন্ট চালুর পরিকল্পনা নেওয়া হয়েছে। এ জন্য উপযুক্ত স্থান নির্ধারণের কাজ চলছে।
ই-কমার্স ও এফ-কমার্স খাতকে সহায়তা দিতে দেশের গুরুত্বপূর্ণ স্থানে ১৪টি ফুলফিলমেন্ট সেন্টার স্থাপন করা হয়েছে। এসব কেন্দ্র থেকে পণ্য সংগ্রহ, সংরক্ষণ, প্রক্রিয়াজাতকরণ, বুকিং, বাছাই, পরিবহন ও বিতরণ কার্যক্রম পরিচালিত হচ্ছে।
মন্ত্রী জানান, বর্তমানে ভূমি দলিল, পাসপোর্ট ও ড্রাইভিং লাইসেন্স ঘরে পৌঁছে দেওয়ার সেবা চালু রয়েছে। এছাড়া ই-কমার্স পণ্যের মূল্য গ্রহণ সাপেক্ষে সরবরাহ সেবা চালুর কার্যক্রমও চলছে।
তিনি বলেন, ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক-সংক্রান্ত ভিডিও মামলা ও নোটিশ ডাকযোগে পাঠানো হচ্ছে। একই সঙ্গে রিয়েল-টাইম ট্র্যাকিং সুবিধাও চালু করা হয়েছে।
এ ছাড়া কম খরচে চিঠি, পার্সেল, আন্তর্জাতিক ডাকসেবা এবং দেশের বিভিন্ন অঞ্চল থেকে মৌসুমি ফল দ্রুত পরিবহনের সুবিধা চালু রয়েছে। এসব উদ্যোগ ডাক বিভাগের সেবাকে আরও আধুনিক ও কার্যকর করবে বলে আশা প্রকাশ করেন মন্ত্রী।































