দিল্লির হোটেলে অগ্নিকাণ্ডে ২১ জনের মৃত্যু
- সর্বশেষ আপডেট ০৩:৫০:০৫ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬
- / 20
ভারতের রাজধানী দিল্লির মালভিয়া নগরের একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২১ জন নিহত হয়েছেন। আহত ও অসুস্থ অবস্থায় ৪০ জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনায় শোক প্রকাশ করে ক্ষতিপূরণের ঘোষণা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী।
দিল্লির মালভিয়া নগরে অবস্থিত পাঁচতলা মিকাসা হোটেলে বুধবার (৩ জুন) সকাল ৮টা ৫০ মিনিটের দিকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। কর্তৃপক্ষ জানিয়েছে, ভবনের বেজমেন্টে থাকা একটি রেস্তোরাঁ থেকে আগুনের সূত্রপাত হয়।
ভারতীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, আগুন লাগার সময় হোটেলটিতে বিপুল সংখ্যক অতিথি অবস্থান করছিলেন, যাদের মধ্যে অনেকেই বিদেশি নাগরিক। চিকিৎসার উদ্দেশ্যে ভারতে আসা কয়েকজনও সেখানে ছিলেন। প্রাণ বাঁচাতে কিছু অতিথিকে ভবন থেকে লাফিয়ে নামতে দেখা যায়।
খবর পেয়ে দ্রুত উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিস। আটটি ইউনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এ পর্যন্ত অন্তত ৪০ জনকে জীবিত উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। উদ্ধার কার্যক্রম এখনও অব্যাহত রয়েছে।
এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী, তিনি নিহতদের প্রত্যেক পরিবারের জন্য ২ লাখ রুপি এবং আহতদের জন্য ৫০ হাজার রুপি করে আর্থিক সহায়তা ঘোষণা করেছেন।
































