জেট ফুয়েল বিক্রি বন্ধ করেছে রাশিয়া
- সর্বশেষ আপডেট ০৩:৫৫:০৪ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬
- / 12
দেশীয় বাজারে জ্বালানির সরবরাহ স্বাভাবিক রাখা ও মূল্য স্থিতিশীল রাখতে বিমান জ্বালানি (জেট ফুয়েল) রপ্তানি বা বিক্রি সাময়িকভাবে বন্ধ করেছে রাশিয়া। সোমবার (১ জুন) ঘোষিত এ নিষেধাজ্ঞা আগামী ৩০ নভেম্বর পর্যন্ত কার্যকর থাকবে।
রুশ সরকারের ঘোষণায় বলা হয়েছে, আন্তর্জাতিক পণ্য বিনিময়ের উদ্দেশ্যে কমোডিটি এক্সচেঞ্জের মাধ্যমে কেনা জেট ফুয়েলের ক্ষেত্রেও এ নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে। ক্রেমলিনের ভাষ্য, অভ্যন্তরীণ জ্বালানি বাজারে দীর্ঘমেয়াদি স্থিতিশীলতা নিশ্চিত করাই এ সিদ্ধান্তের মূল উদ্দেশ্য।
তবে নিষেধাজ্ঞার আওতার বাইরে থাকবে আগে সম্পন্ন হওয়া শুল্ক প্রক্রিয়া এবং বিভিন্ন দেশের সঙ্গে বিদ্যমান দ্বিপক্ষীয় চুক্তির অধীনে জ্বালানি সরবরাহ।
এর আগে এপ্রিল মাসে দেশীয় উৎপাদকদের পেট্রোল রপ্তানির ওপরও ৩১ জুলাই পর্যন্ত নিষেধাজ্ঞা দিয়েছিল মস্কো। তখন সরকার জানিয়েছিল, বৈশ্বিক তেলের দাম বৃদ্ধি এবং কৃষি মৌসুমে বাড়তি চাহিদার কারণে সম্ভাব্য জ্বালানি সংকট এড়াতে ওই পদক্ষেপ নেওয়া হয়।
জ্বালানি বিশেষজ্ঞদের মতে, মধ্যপ্রাচ্যের যুদ্ধ ও বৈশ্বিক ভূরাজনৈতিক উত্তেজনায় তেলের বাজার অস্থির থাকায় রাশিয়া এবার নিজেদের বিমান খাত ও স্থানীয় বাজার সুরক্ষায় জেট ফুয়েল রপ্তানি সীমিত করেছে।
রুশ সরকার জানিয়েছে, অভ্যন্তরীণ বাজারে নিরবচ্ছিন্ন ও নির্ভরযোগ্য জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে এ ধরনের পদক্ষেপ অব্যাহত থাকবে।




















