আওয়ামী আমলের অস্ত্র লাইসেন্স যাচাইয়ের সিদ্ধান্ত
- সর্বশেষ আপডেট ০৪:৪৩:১৭ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬
- / 21
আওয়ামী লীগ সরকারের সময় ইস্যুকৃত অস্ত্রের লাইসেন্সগুলো পুনরায় যাচাই-বাছাই করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। জেলা প্রশাসকদের এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নিতে নির্দেশ দেওয়া হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বুধবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ডিসি সম্মেলন শেষে জানান, ২০০৯ সালের ৬ জানুয়ারি থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত রাজনৈতিক ও দলীয় বিবেচনায় অনেক অস্ত্রের লাইসেন্স দেওয়া হয়েছে বলে অভিযোগ রয়েছে। এসব লাইসেন্স এখন সরাসরি ফেরত না নিয়ে প্রথমে যাচাইয়ের আওতায় আনা হবে।
তিনি বলেন, নির্বাচনের সময় জমা নেওয়া লাইসেন্সকৃত অস্ত্রের একটি বড় অংশ এখনো ফেরত দেওয়া হয়নি। পাশাপাশি প্রায় ১০ হাজার অস্ত্র এখনো জমা না পড়ার তথ্যও উঠে এসেছে, যেগুলো উদ্ধারে কঠোর নির্দেশ দেওয়া হয়েছে। প্রয়োজনে সংশ্লিষ্ট লাইসেন্সধারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথাও জানানো হয়েছে।
মন্ত্রী আরও জানান, ৫ আগস্টের পর দায়ের হওয়া মামলাগুলোর মতো অস্ত্র সংক্রান্ত বিষয়গুলোও এখন পর্যালোচনার মধ্যে আনা হচ্ছে। জেলা পর্যায় থেকে তালিকা সংগ্রহ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হবে, এরপর সেগুলো আইন মন্ত্রণালয়ের মাধ্যমে যাচাই শেষে সিদ্ধান্ত নেওয়া হবে।
তিনি অনলাইন জুয়া ও মাদকবিরোধী অভিযান অব্যাহত রাখার নির্দেশ দেন এবং কোরবানির ঈদকে সামনে রেখে সড়ক ও হাট ব্যবস্থাপনায় কঠোর নজরদারির কথাও উল্লেখ করেন।































