সারাদেশে বজ্রপাতে ১২ জন নিহত, সবচেয়ে বেশি গাইবান্ধায়

- সর্বশেষ আপডেট ০৭:৪৩:৫৪ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬
- / 105
দেশের বিভিন্ন জেলায় রোববার বজ্রপাতে অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে। গাইবান্ধায় একসঙ্গে চারজনের মৃত্যুর ঘটনায় সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে।
রোববার (২৬ এপ্রিল) সকাল থেকে বিকেল পর্যন্ত দেশের বিভিন্ন এলাকায় বজ্রপাতে এসব প্রাণহানির ঘটনা ঘটে। আহত হয়েছেন আরও অন্তত দুইজন।
স্থানীয় সূত্রে জানা যায়, সবচেয়ে বেশি হতাহতের ঘটনা ঘটেছে গাইবান্ধায়। জেলার সুন্দরগঞ্জ ও সাঘাটা উপজেলায় চারজনের মৃত্যু হয়। বিকেলে হঠাৎ আকাশ কালো হয়ে বজ্রসহ বৃষ্টি শুরু হলে ধোপাডাঙ্গা ইউনিয়নে একসঙ্গে চারজন গুরুতর আহত হন। পরে হাসপাতালে নেওয়ার পর তাদের মৃত্যু হয়। একই ঘটনায় একটি গরুও মারা গেছে।
সিরাজগঞ্জে বজ্রপাতে দুইজনের মৃত্যু হয়েছে। তাড়াশ ও রায়গঞ্জ উপজেলায় পৃথক ঘটনায় তারা প্রাণ হারান। জামালপুরের মেলান্দহ উপজেলায় রান্নার সময় বজ্রপাতে এক গৃহবধূ নিহত হন। বগুড়ার গাবতলী এলাকায় এক যুবকের মৃত্যু হয়েছে। নাটোরের সিংড়ায় ধান কাটার সময় বজ্রপাতে একজন কৃষক প্রাণ হারান। পঞ্চগড়েও একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
গাইবান্ধার সাঘাটা ও ফুলছড়ি উপজেলায় আরও দুজন আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।
আবহাওয়া বিশেষজ্ঞরা বলছেন, মৌসুম পরিবর্তনের সময় বজ্রপাতের ঝুঁকি বাড়ে। বিশেষ করে খোলা মাঠে কাজ করার সময় এ ধরনের দুর্ঘটনা বেশি ঘটে।


































