ধান-চাল-গমের সরকারি দাম নির্ধারণ

- সর্বশেষ আপডেট ০১:১১:৫৩ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬
- / 178
চলতি ২০২৫-২৬ অর্থবছরের বোরো মৌসুমে ধান, চাল ও গমের সংগ্রহ মূল্য নির্ধারণ করেছে সরকার। এ বছর ৩৬ টাকা কেজি দরে ধান, ৪৯ টাকা কেজি দরে সিদ্ধ চাল কিনবে সরকার। এ ছাড়া আতপ চাল ৪৮ টাকা কেজি এবং ৩৬ টাকা কেজি গমের দাম নির্ধারণ করা হয়েছে।
বুধবার (২২ এপ্রিল) সচিবালয়ে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির (এফপিএমসি) সভায় সরকারি এই দাম নির্ধারণ করা হয়।
সভা শেষে গণমাধ্যমে এসব তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। খাদ্য সংগ্রহ অভিযানের বিস্তারিত তুলে ধরে মন্ত্রী জানান, এবারের মৌসুমে প্রতি কেজি বোরো ধানের মূল্য ৩৬ টাকা নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি প্রতি কেজি সিদ্ধ চাল ৪৯ টাকা এবং আতপ চাল ৪৮ টাকা দরে কেনা হবে। এছাড়া প্রতি কেজি গমের মূল্য ৪০ টাকা নির্ধারণ করেছে সরকার।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নির্ধারিত সময়ের মধ্যে স্বচ্ছতার সাথে এই সংগ্রহ প্রক্রিয়া সম্পন্ন করতে প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হয়েছে। এই উদ্যোগের ফলে কৃষকরা তাদের ফসলের ন্যায্যমূল্য পাবেন এবং বাজারে স্থিতিশীলতা বজায় থাকবে।
দেশের বর্তমান খাদ্য মজুদ পরিস্থিতি নিয়ে তিনি জানান, বর্তমানে সরকারি গুদামগুলোতে ১৮ লাখ মেট্রিক টন চাল মজুদ রয়েছে। এই মজুদ সন্তোষজনক হওয়া সত্ত্বেও ভবিষ্যতের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত প্রক্রিয়ার অংশ হিসেবে এই নতুন সংগ্রহ অভিযান শুরু হচ্ছে।
সিদ্ধান্ত অনুযায়ী, ধান ৩ মে থেকে ও চাল ১৫ মে থেকে সংগ্রহ শুরু করবে সরকার। ধান ও চাল সংগ্রহ চলবে ৩১ আগস্ট পর্যন্ত।


































