শেয়ালের কামড়ে নারীর মৃত্যু, আতঙ্কে এলাকাবাসী
- সর্বশেষ আপডেট ০১:৫৪:২৩ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
- / 25
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার ধনতলা সীমান্তে শেয়ালের আক্রমণে আমিনা বেগম (৪৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। একই সঙ্গে গত তিন সপ্তাহে শেয়ালের কামড়ে আহত হয়ে আরও দুটি গরুর মৃত্যুর ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
শনিবার (১৮ এপ্রিল) ভোররাতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আমিনা বেগমের মৃত্যু হয়। বিকাল ৩টায় উপজেলার ধনতলা ইউনিয়নের মন্ডলপাড়া গ্রামে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। তিনি ওই গ্রামের মইনুল হকের স্ত্রী।
মৃতের ছেলে আমিরুল ইসলাম জানান, কয়েকদিন আগে তার মা সীমান্ত এলাকার একটি মাঠে গবাদিপশুকে ঘাস খাওয়াতে নিয়ে যান। এ সময় হঠাৎ একটি শেয়াল এসে তার ওপর আক্রমণ চালায় এবং মুখ ও নাকে গুরুতর কামড় দেয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে জলাতঙ্ক প্রতিরোধে দুটি টিকা দেওয়ার পর তাকে বাড়িতে আনা হয়।
পরবর্তীতে পরিবারের পরামর্শে বাজার থেকে আরও দুটি টিকা সংগ্রহ করে পল্লী চিকিৎসকের মাধ্যমে প্রয়োগ করা হয়। কিন্তু তার ক্ষতস্থান ভালো হচ্ছিলো না। কয়েকদিন পর হঠাৎ তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। মুখ দিয়ে অতিরিক্ত লালা ঝরা, বমি হওয়া এবং অস্বাভাবিক আচরণ দেখা দিলে দ্রুত তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক বিরাজ করছে। বিশেষ করে শিশু ও গবাদিপশুর নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছেন স্থানীয়রা। তারা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ, শেয়াল নিধন এবং আক্রান্ত এলাকায় জরুরি ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।































