তালাক দিয়ে বিয়ের প্রস্তুতি, সংঘর্ষে আহত ৭
- সর্বশেষ আপডেট ০১:৩১:২৩ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
- / 22
চাঁদপুরের ফরিদগঞ্জে পূর্বের স্ত্রীকে তালাক দিয়ে পুনরায় বিয়ের প্রস্তুতিকালে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে সাতজন আহত হয়েছেন। শনিবার (১৮ এপ্রিল) দুপুরে উপজেলার গোবিন্দপুর উত্তর ইউনিয়নের চরমথুরা গ্রামের গাজী বাড়িতে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, চরমথুরা গ্রামের রফিকুল ইসলাম গাজীর ছেলে মহিম উদ্দিন রুবেলের সঙ্গে দক্ষিণ চরবড়ালি গ্রামের আবদুস ছোবহানের মেয়ে রিমা আক্তারের ২০২৪ সালের ১৪ আগস্ট ইসলামী শরিয়াহ অনুযায়ী বিয়ে হয়। বিয়ের পর রুবেল প্রবাসে চলে যান। কয়েক মাস আগে দেশে ফিরে তিনি স্ত্রী রিমার শারীরিক অসুস্থতার কথা উল্লেখ করে গত ৩ মার্চ নোটারি পাবলিকের মাধ্যমে তালাক দেন বলে দাবি করেন।
এদিকে শনিবার রুবেলের পরিবারের পক্ষ থেকে পুনর্বিয়ের প্রস্তুতি নেওয়া হলে বিষয়টি জানতে পেরে রিমা আক্তার ও তার পরিবারের সদস্যরা রুবেলের বাড়িতে যান। এ সময় দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডার একপর্যায়ে মারামারি শুরু হয়, যা পরে ঘরের ভেতর থেকে বাইরে ছড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের অন্তত সাতজন আহত হন।
রিমা আক্তারের অভিযোগ, রুবেল প্রায় চার মাস আগে দেশে ফিরে তাকে শ্বশুরবাড়িতে নিয়ে যান এবং কিছুদিন পর বাবার বাড়িতে রেখে আর খোঁজখবর নেননি। তিনি দাবি করেন, তাকে না জানিয়ে তালাক দেওয়া হয়েছে।
অন্যদিকে রুবেল দাবি করেন, রিমা শারীরিকভাবে অসুস্থ হওয়ায় তিনি গত ৩ মার্চ নোটারি পাবলিকের মাধ্যমে তালাক দিয়েছেন। শনিবার পুনর্বিয়ের জন্য প্রস্তুতির সময় রিমার পরিবারের লোকজন তাদের বাড়িতে ঢুকে হামলা চালায়।
ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন বলেন, ঘটনার বিষয়ে আমরা অবগত আছি। তবে এখনো কোনো পক্ষ থানায় লিখিত অভিযোগ দেয়নি।































