আগামী ১৭ এপ্রিল থেকে বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে হজ ফ্লাইট শুরু হতে যাচ্ছে। ওই দিনই হজ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান বলে জানিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ।
রোববার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত হজ ব্যবস্থাপনা কমিটির সভা শেষে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।
ধর্মমন্ত্রী বলেন, হজযাত্রা নির্বিঘ্ন ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে সরকারপ্রধান ইতোমধ্যে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন। তার ভাষায়, পুরো ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত করতে কঠোর নজরদারি রাখা হবে।
তিনি আরও জানান, প্রধানমন্ত্রী দু-এক দিনের মধ্যেই হজ ক্যাম্প পরিদর্শন করবেন। প্রস্তুতিমূলক কার্যক্রম পর্যালোচনা করে কোনো ধরনের অনিয়ম বরদাশত করা হবে না বলেও তিনি স্পষ্ট করে দেন।
মন্ত্রী দাবি করেন, এবার হজ ফ্লাইট পরিচালনায় কোনো জটিলতা বা বড় ধরনের বিঘ্ন সৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই। সংশ্লিষ্ট সব সংস্থা সমন্বিতভাবে কাজ করছে বলে তিনি মন্তব্য করেন।
হজ ব্যবস্থাপনা কমিটির ওই সভায় চলতি বছরের হজ কার্যক্রমের সার্বিক প্রস্তুতি, যাত্রী পরিবহন, নিরাপত্তা ও সেবা ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা হয় বলে জানা গেছে।