তারেক রহমানকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ স্বীকৃতির দাবি সংসদে

- সর্বশেষ আপডেট ০৯:২৮:০৮ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬
- / 253
জাতীয় সংসদে বক্তব্য রাখতে গিয়ে বিএনপিদলীয় এমপি মুজিবুর রহমান প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার প্রয়াত সহোদর আরাফাত রহমানকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবি তুলেছেন। একই সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকেও মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানান তিনি।
বুধবার (৮ এপ্রিল) রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান এসব কথা বলেন। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
বক্তব্যের শুরুতে মনোনয়ন দেওয়ার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি। পাশাপাশি দাবি করেন, দীর্ঘ ৩০ বছর পর গাজীপুর-১ আসনটি বিএনপিকে ফিরিয়ে দিয়েছে জনগণ।
নিজের প্রতিশ্রুতির প্রসঙ্গ টেনে তিনি বলেন, এই আসন উপহার পেলে এবং তারেক রহমান প্রধানমন্ত্রী হলে ভাওয়াল মাঠে জনসভা করার কথা ছিল। এখন এলাকাবাসী সেই সফরের অপেক্ষায় আছে বলেও জানান তিনি।
তারেক রহমানকে ঘিরে রাজনৈতিক বয়ান তুলে ধরে মুজিবুর রহমান বলেন, নির্যাতন ও দমন-পীড়নের অভিজ্ঞতার মধ্য দিয়েই তার রাজনৈতিক পথচলা গড়ে উঠেছে। ‘সবার আগে বাংলাদেশ’ স্লোগান গাজীপুরবাসীকে উজ্জীবিত করেছে বলেও উল্লেখ করেন তিনি।
এক পর্যায়ে আবেগঘন সুরে তিনি ১৯৭১ সালের প্রেক্ষাপট টেনে আনেন। তার ভাষ্য অনুযায়ী, স্বাধীনতাযুদ্ধের সময় খালেদা জিয়া ও তার পরিবার পাকিস্তানি বাহিনীর হাতে বন্দি ছিলেন, এবং তারেক রহমানও দীর্ঘ সময় আটক ছিলেন। এসব বিবেচনায় খালেদা জিয়াকে মুক্তিযোদ্ধা এবং তারেক রহমান ও আরাফাত রহমানকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ হিসেবে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানান তিনি।
তবে এ দাবি ব্যক্তিগত স্বার্থে বা কাউকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে নয় বলেও স্পষ্ট করেন মুজিবুর রহমান।

































